রিকশা চালিয়ে রিওতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর ধরে এই রিকশা চালিয়েই চীন থেকে রিও ডি জেনিরোতে এসেছেন চেন গুয়ানমিং l ডেইলি মেইল
তিন বছর ধরে এই রিকশা চালিয়েই চীন থেকে রিও ডি জেনিরোতে এসেছেন চেন গুয়ানমিং l ডেইলি মেইল

উড়োজাহাজে চড়ে নয়, নয় বাসে কিংবা ট্রেনে চড়েও। চীন থেকে একজন অলিম্পিক দেখতে রিও ডি জেনিরোতে গেছেন একটি রিকশা চালিয়ে। অবিশ্বাস্য এই কাণ্ড যিনি ঘটিয়েছেন, তাঁর নাম চেন গুয়ানমিং। নামটি কি চেনা চেনা লাগছে?

রিকশা চালিয়ে অলিম্পিক আগেও দেখতে গেছেন গুয়ানমিং। কাজটা তিনি করেছেন ৪ বছর আগে লন্ডন অলিম্পিকে। তার আগে বেইজিংয়েও! অলিম্পিকের রিকশাওয়ালা দর্শক হিসেবে এরই মধ্যে বেশ পরিচিতিও পেয়ে গেছেন ৬০ বছর বয়সী গুয়ানমিং।

অদ্ভুত এ খেয়ালটা গুয়ানমিংয়ের প্রথম হয়েছিল ২০০৮ বেইজিং অলিম্পিকের আগে। চীনের জুঝু শহরে বাড়ি গুয়ানমিংয়ের। একসময় কৃষিকাজ করতেন। ভালোবাসেন বিভিন্ন ধরনের খেলা। সেই খেলার টানেই ভালোবাসা জন্মায় অলিম্পিকের প্রতি। বেইজিং অলিম্পিক দেখতে তাই জুঝু থেকে ৮০০ কিলোমিটার পথ রিকশা চালিয়ে বেইজিং গিয়েছিলেন গুয়ানমিং। এরপর এটা হয়ে যায় নেশার মতো।

বেইজিং অলিম্পিকের সমাপনী দিনে যখন লন্ডনের তখনকার মেয়র বরিস জনসনের হাতে অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হয়, গুয়ানমিংও তখনই সিদ্ধান্ত নেন, লন্ডনেও যাবেন রিকশা চালিয়ে। দীর্ঘ দুই বছরে ৬০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে, ১৬ দেশ ঘুরে শেষ পর্যন্ত ঠিক সময়ে লন্ডনে পৌঁছেও যান। তবে এবারের কাজটা আরও কঠিন ছিল তাঁর জন্য।

লন্ডন অলিম্পিক শেষ হওয়ার পরই তিনি রিও অলিম্পিকেও থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চীনে ফিরে তাই কিছুদিন পরই আবার চলে যান লন্ডনে। সেখান থেকেই শুরু হয় তাঁর রিও-যাত্রা। কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ঘুরে দক্ষিণ আমেরিকা হয়ে আমাজনের বন পাড়ি দিয়ে শেষ পর্যন্ত গত রোববার রিওতে পৌঁছান গুয়ানমিং। শেষ হয় তিন বছরের যাত্রা। এত দিনে রিওতেও বেশ পরিচিত হয়ে গেছেন চীনের এই পৌঢ়। অলিম্পিক দেখতে গিয়ে তাই তিনি তারকদের মতোই দিনযাপন করছেন এখন! ডেইলি মেইল।