রিকেলমে ফিরছেনই না!
ছেলেটা একটু অভিমানী। বিশ্বকাপটা কাছে আসুক, সব অভিমান ভুলে ঠিকই চলে আসবেন—আর্জেন্টাইনরা হুয়ান রোমান রিকেলমেকে নিয়ে এভাবেই বুক বেঁধে আছে আশায়। কিন্তু কোথায় কী! আর্জেন্টাইনদের অভিমানী ছেলেটা যে জেদ করে বসেছে—কিছুতেই আর ফিরবেন না। ‘ডিয়েগো ম্যারাডোনা যত দিন কোচ, তত দিন আর্জেন্টিনা দলে খেলবই না’—এই ঘোষণাতেই অটল রিকেলমে আবারও আর্জেন্টাইনদের আশায় জল ঢেলে দিয়ে জোর গলায় জানিয়ে দিলেন, অবসর ভেঙে তিনি ফিরবেন না!রিকেলমের এত ম্যারাডোনা-বিরাগ কেন? কিসের এত অভিমান? ২০০৮ সালে ম্যারাডোনা আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর পরই রিকেলমের খেলা নিয়ে সংবাদমাধ্যমে সমালোচনা করেছিলেন। সবাই ধরে নিয়েছিল, জনসমক্ষে তাঁকে নিয়ে ম্যারাডোনার ওই সমালোচনাই বিগড়ে দিয়েছে রিকেলমেকে। তবে এও ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের মতো বড় আসরের আগে কোচের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলবেন বোকা জুনিয়র্সের প্লে-মেকার। বিশ্বকাপ খেলার কাছে তুচ্ছ অভিমান কি আর শেষ পর্যন্ত টেকে?তবে রিকেলমে এই ধারণা ভেঙে দিলেন। এখন মনে হচ্ছে, শুধু মান-অভিমান নয়, হয়তো আরও বড় কোনো কারণ আছে এর পেছনে। রিকেলমের কথায়ই ফুটে উঠেছে, ম্যারাডোনা কোনো না কোনোভাবে তাঁর হূদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছেন, ‘আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। সংবাদমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে যে কোচের ওই একটি মন্তব্যের কারণে আমি সরে দাঁড়িয়েছি। এই একটা কথার কারণে বিশ্বকাপ থেকে যে সরে দাঁড়ায়, সে তো নিরেট মূর্খ!’তাহলে আসল ব্যাপারটা কী? কী এমন ঘটেছে? আসল সত্যটা কখনোই প্রকাশ করবেন না উল্লেখ করে আর্জেন্টিনার গত অলিম্পিকজয়ী অধিনায়ক বলেছেন, ‘এটা অনেক গভীরের ব্যাপার। এটা আসলে অন্য প্রশ্ন। তবে আমরা একসঙ্গে কাজ করতে পারব না। যত দিন যাচ্ছে আমি স্থির হচ্ছি, কারণ আমি ঠিক কাজটিই করেছি।’কিন্তু একটু কি আক্ষেপও হয় না তাঁর? ‘আমি যখন দলকে সারিবদ্ধ হয়ে মাঠে নামতে দেখি, দলকে জিততে দেখি; আমার তখন খুব খারাপ লাগে এবং মনে হয় আমারও তো ওখানে থাকার কথা ছিল’—ভেতরে ভেতরে ঠিকই পুড়ছেন এই ৩১ বছর বয়সী। থাকার কথা ছিল, কিন্তু তিনি নেই। তবে মেসি-হিগুয়েইনদের জন্য শুভকামনা তাঁর সব সময়ই থাকছে। তাঁর প্রত্যাশা, বিশ্বকাপে ভালো করুক আর্জেন্টিনা। চান আর্জেন্টিনার খেলাটা মেসি-কেন্দ্রিক হোক, ‘লিওনেল অনন্য এক খেলোয়াড়। ওর মতো খেলোয়াড় হয়তো আর আসবে না। এ কারণে সবারই উচিত ওকে সাহায্য করা যাতে ও ফল নির্ধারক হতে পারে। বার্সায় মেসিকে সবাই সাহায্য করে বলেই অমন চোখ-ধাঁধানো খেলা খেলতে পারে।’বার্সার জাভি হার্নান্দেজ আছেন বলেই সেটা মেসি পারেন। আর্জেন্টিনা দলে অমন করে মেসিকে কে সাহায্য করবে? রিকেলমের চেয়ে কে তাঁকে বেশি সাহায্য করতে পারে? রিকেলমে কি এটা বোঝেন না! যদি বোঝেন, তাহলে তাঁরও দ্বিতীয় বিশ্বকাপটা খেলা হয়, আর্জেন্টিনারও তৃতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটা আরেকটু উজ্জ্বল হয়। ওয়েবসাইট।