রিকেলমের হরিষে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ হুয়ান সিজার ফ্যালকিওনির সঙ্গে বিবাদে জড়িয়ে ছেড়ে দিয়েছিলেন ক্লাব। অতঃপর অনেক মান-অভিমানের পর রাজি হয়েছিলেন প্রিয় বোকা জুনিয়র্সে ফিরতে। ফিরেছেন। সাত মাস পর হুয়ান রোমান রিকেলমের মাঠে ফেরা নিয়ে আগ্রহ ছিল অনেকেরই। তবে প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখতে পারেননি, অবনমনের শঙ্কায় থাকা দল ইউনিয়নের কাছে বোকা হেরে গেছে ৩-১ গোলে। মাঠে নামার সময় অবশ্য একটা স্মৃতি রিকেলমের মনে হয়তো উঁকি না দিয়ে পারেইনি। ১৭ বছর আগে এই ইউনিয়নের বিপক্ষেই অভিষেক হয়েছিল এই আর্জেন্টাইন প্লে-মেকারের। কাকতালই বটে, সে সময় তাঁর বয়সও ছিল ১৭। কিন্তু ম্যাচ শেষে সেই স্মৃতিটা নিশ্চয়ই তাঁকে যন্ত্রণা দিয়েছে। আর আবার এমন একটা দলের কাছে পরাজয়, গত ২৬ ম্যাচে কিনা যারা জয় পায়নি! রয়টার্স।