রিক্ত নিঃস্ব ভেট্টোরি
মুখে তো বলেছিলেনই, ম্যাচের আগের দিন নিউজিল্যান্ডের কঠোর অনুশীলনও বলছিল, শেষ ম্যাচ থেকে কিছু একটা পেতে চায় নিউজিল্যান্ড। এই কিছু একটা মানে আসলে ‘সম্মান’। শেষ ম্যাচটা জিতে একটু মান বাঁচাতে চেয়েছিলেন ভেট্টোরিরা। ম্যাচের প্রথম ভাগে কাল সিরিজের সেরা পারফরম্যান্সটাই দেখিয়েছেন তাঁরা। কিন্তু ক্রিকেট মানে তো শুধু আর বোলিং-ফিল্ডিং নয়, ব্যাটিংও। সেখানে সিরিজের সবচেয়ে বাজে পারফরম্যান্স দেখিয়ে ‘কিছু একটাও’ পাওয়া হলো না তাঁদের।দেশ ছেড়েছিলেন হোয়াইটওয়াশ করার আশা নিয়ে। ফিরে যাচ্ছেন নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে। এমন অপ্রত্যাশিত মহাবিপর্যয়ে বিস্মিত ড্যানিয়েল ভেট্টোরির কণ্ঠে কাল চূড়ান্ত হতাশা, ‘ভয়াবহ ফলাফল। হোয়াইটওয়াশ হওয়াটা খুব বেদনাদায়ক। এই ফলে আমরা একেবারেই মুষড়ে পড়েছি। শেষ ম্যাচটা অন্তত জিততে চেয়েছিলাম। বোলার-ফিল্ডাররা ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটাও হলো না। ২০ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোটা ছিল খুব কঠিন।’বাংলাদেশের কাছে এভাবে হারটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কিউই অধিনায়ক এই সিরিজটাকে বলছেন, তাঁদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে সিরিজ, ‘এই সিরিজটাকে আমরা বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ বলছিলাম, কিন্তু এভাবে ৪-০-তে হেরে যাওয়াটা চূড়ান্ত হতাশার। অনেক দিনই এই পরাজয় আমাদের তাড়িয়ে বেড়াবে। লোকে যদি বলে এই সিরিজটাই নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বাজে সিরিজ, অস্বীকার করার উপায় নেই।’শুধু কাল নয়, পুরো সিরিজেই নিউজিল্যান্ডকে ভুগিয়েছে ব্যাটিং। বিশেষ করে টপ-অর্ডার ব্যাটিং। প্রথম ম্যাচে ৪ উইকেট পড়েছিল ৮৫ রানে, তৃতীয় ম্যাচে ১০১ রানে ৭ উইকেট, আর চতুর্থ ম্যাচে ৮০ রানে হারাতে হয়েছে ৫ উইকেট। বাংলাদেশের স্পিনারদের কোনো জবাবই যেন জানা ছিল না তাদের। কাল তো সর্বনাশ হলো পেস বোলারদের হাতে। তাঁর দেখা সবচেয়ে ভঙ্গুর কিউই ব্যাটিং লাইনআপ এটাই কি না—এমন প্রশ্নের জবাবটাও তাই জোর গলায় না করতে পারলেন না ভেট্টোরি, ‘সামর্থ্যের কথা ভাবলে অবশ্যই না, কিন্তু ফলাফল তো সেটা বলছে না। একটা ম্যাচেও আমাদের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি, প্রতি ম্যাচেই শুরুতে গাদা গাদা উইকেট হারাতে হয়েছে, যে জায়গা থেকে আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি।’সিরিজের শুরু থেকেই কন্ডিশনকে নিজেদের পরাজয়ের মূল কারণ বলেছেন ভেট্টোরি। তবে কাল স্বীকার করলেন বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়েছে, ‘বাংলাদেশের সিরিজ জয়ের পেছনে কন্ডিশন ও ভালো খেলা দুটিরই ভূমিকা আছে। আমার মনে হয়, কিছু কৃতিত্ব বাংলাদেশের ফিল্ডিংয়েরও প্রাপ্য। পুরো সিরিজে অসাধারণ ফিল্ডিং করেছে বাংলাদেশ।’ সাকিবকে প্রাপ্য কৃতিত্ব তো দিয়েছেনই, তবে প্রশংসা করেছেন বাংলাদেশের দুই তরুণ পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেনেরও। এই দুজনের সঙ্গে মাশরাফি যোগ হলে বাংলাদেশের পেস বোলিং আক্রমণটা দুর্দান্ত হবে, বললেন এমন কথাও। নিজেদের ভবিষ্যতের কথা বলতে গিয়ে অবশ্য থমকে গেলেন কিউই অধিনায়ক। জানালেন সামনের ভারত সফরের আগে খুঁজতে হবে অনেক প্রশ্নের উত্তর। ভেট্টোরিরা উত্তর খুঁজতে থাকুন। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার সময়।