রিচার্ডসময় বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৫ সালের বিশ্বকাপের সঙ্গে দারুণ মিল ১৯৭৯ সালের বিশ্বকাপের। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরটাও অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। অংশগ্রহণকারী দল, ফরম্যাট, ওভারসংখ্যা সবকিছুই এক। আর কত মিল চাই! কিন্তু সবচেয়ে বড় মিলটার কথা বলা হয়নি এখনো। আগের আসরের মতো এ আসরেও শিরোপায় চুমু দেওয়ার সৌভাগ্য হয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের!একটা নতুনত্বের কথা না বললেই নয়। খাতা-কলমে আসরের নাম ‘প্রুডেন্সিয়াল বিশ্বকাপ’ হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের নাম অলিখিতভাবে দাঁড়িয়েছিল ‘রিচার্ডস কাপ’!নাম দেখেই অনেকে হয়তো বুঝে ফেলেছেন ঘটনাটা কী। নামটা এসেছে ভিভ রিচার্ডসের নাম থেকে। ওয়েস্ট ইন্ডিজের টানা দ্বিতীয় শিরোপা জয়ে এ ব্যাটসম্যানের অবদান এতটাই ছিল যে শেষ পর্যন্ত তা হয়ে ওঠে রিচার্ডসময় বিশ্বকাপ। এর পরও বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে পারেননি ভিভ রিচার্ডস। সেবার যে সিরিজসেরার নাম ঘোষণার নিয়মই ছিল না!প্রতিযোগিতায় সর্বাধিক রানের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। চার ম্যাচে ৮৪.৩৩ গড়ে ২৫৩ রান, সর্বোচ্চ অপরাজিত ১০৬। ভিভ রিচার্ডসের গড়টা কত ছিলেন জানেন? ১০৮.৫০! চার ম্যাচে মোট রান ২১৭, সর্বোচ্চ অপরাজিত ১৩৮। গ্রিনিজের চেয়ে ৩৬ রানে পিছিয়ে রিচার্ডস। এর পরও কেন রিচার্ডসময় বিশ্বকাপ বলা হবে? প্রশ্নটা তুলতে পারেন অনেকেই।রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকলেও বিশ্বকাপটা ‘রিচার্ডসময়ই’ বলব আমি। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটার কথাই ধরুন। শত রানের ঘর স্পর্শ করার আগেই চারটি উইকেট হারিয়ে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। তাঁদের মধ্যে চারজনের সংগ্রহ ০! এমন একটা অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের কাছে কত রান আশা করেন আপনি? অবিশ্বাস্য হলেও শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৬ রান তুলেছিল ক্লাইভ লয়েডের দল। ব্যাটসম্যানদের বিপর্যয়ের মধ্যে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ভিভ রিচার্ডস। এক প্রান্ত আগলে রেখে ১৩৮ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। না হলে ওয়েস্ট উইন্ডিজের ইনিংস গুটিয়েও যেতে পারত অনেক আগেই। আর শিরোপাও ধরে রাখা হতো ক্লাইভ লয়েডদের।