১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা বলছি। আজকের বিশ্বের অন্যতম সেরা দল শ্রীলঙ্কা তখন ছিল ক্রিকেট বিশ্বের ‘হুইপিং বয়’। বিশ্বের সেরা ক্রিকেটাররা ব্যক্তিগত রেকর্ডের জন্য তখন বেছে নিত ১৯৮২ সালে টেস্ট মর্যাদা পাওয়া শ্রীলঙ্কাকে। দেশটি তখন ক্রিকেট বিশ্বে শক্ত ভিত্তির ওপর দাঁড়ানোর চেষ্টায় মরিয়া। ’৮৭-র বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচেই পরাজয় ছিল শ্রীলঙ্কার সঙ্গী। তার পরও ১৯৮৭ সালের ১৩ অক্টোবর তারিখটি সব সময়ই শ্রীলঙ্কান ক্রিকেটে আলাদাভাবে ‘কালো তারিখ’ হিসেবে বিবেচিত হতে বাধ্য। কারণ, এ দিনেই করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এক ক্রিকেটে গ্রেট তাঁর দানবীয় ব্যাটিংশৈলীর পুরোটাই প্রয়োগ করেছিলেন ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ক্রিকেট যোদ্ধাদের ওপর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ক্যারিবীয় অধিনায়ক ভিভ রিচার্ডস সেদিন খেলেছিলেন ১৮১ রানের এক অতি মানবীয় ইনিংস। অনেক দিন পর্যন্ত সেই ইনিংসটিই ছিল বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ১৯৯৬ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮৮ রানের ইনিংস খেলে রেকর্ডের বইয়ে পেছনে ফেলেছিলন ভিভিয়ান রিচার্ডসকে।করাচির সেই সকালটি শ্রীলঙ্কানদের জন্য খুব একটা খারাপ ছিল না। টসে জিতে প্লাসিড ব্যাটিং উইকেটে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তাদের ৪৫ রানেই শ্রীলঙ্কা তুলে নিয়েছিল প্রথম দুটি উইকেট। পরপর দুই বলে লঙ্কান পেসার রমেশ রাত্নায়েকে দুই ক্যারিবীয় ব্যাটসম্যান বেস্ট ও রিচি রিচার্ডসকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু এর পরপরই ভিভ রিচার্ডস মাঠে নেমে পাল্টে দেন পুরো ইনিংসেরই চিত্র। ডেসমন্ড হেইন্সকে সঙ্গী করে তিনি রীতিমতো ‘খুন’ করতে থাকেন শ্রীলঙ্কান বোলারদের। মাঠের চারদিকে তাঁদের আছড়ে ফেলে লঙ্কান বোলিংকে নামিয়ে নিয়ে আসতে থাকেন পাড়া-মহল্লার পর্যায়ে। দলীয় ২২৭ রানের মাথায় ডেসমন্ড হেইন্স ব্যক্তিগত ১০৫ রানে আউট হলে রিচার্ডস অন্য প্রান্তে চালিয়ে যেতে থাকেন তাঁর তাণ্ডব। শ্রীলঙ্কান বোলারদের বোলিং বিশ্লেষণেই ফুটে ওঠে কতটা মারমুখী ও কতটা নির্দয়ভাবে সেদিন ব্যাট ঘুরিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানটি। আশান্ত ডি মেল নিজের ১০ ওভারে ৯৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরপর দুই বলে দুই ক্যারিবীয় ব্যাটসম্যানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো রমেশ রাত্নায়েকে নিজের আট ওভারে খরচ করেন ৬৮ রান। অশোকা ডি সিলভাতো ছয় ওভারের বেশিই বল করার সাহস পাননি। তিনি এ ছয় ওভারে খরচ করেন ৩৫ রান। রানাতুঙ্গা দুই ওভারে ১৮ রান দেন। গুরুসিংহে চার ওভারে ৪৩ রান দিলে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে চার উইকেটে ৩৬০ রান। ভিভ রিচার্ডসকে শ্রীলঙ্কানরা শেষ পর্যন্ত আউট করতে পারেন ব্যক্তিগত ১৮১ রান। তত্কালীন সময়ের বিচারে ওয়েস্ট ইন্ডিজের ৩৬০ ও রিচার্ডসের ১৮১ রান—দুটোই ছিল অকল্পনীয় স্কোর। যে স্কোর তাড়া করে জেতার কোনো চেষ্টাই সেদিন শ্রীলঙ্কানরা করেনি। ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করে মাত্র চার উইকেট হারিয়ে তাদের স্কোরবোর্ডে ওয়ে মাত্র ১৬৯ রান। অর্জুনা রানাতুঙ্গা ৫২ ও অধিনায়ক দিলীপ মেন্ডিস ৩৭ রানে অপরাজিত থাকেন। আসাঙ্কা গুরুসিংহের ব্যাট থেকে আসে ৩৬। দুই উদ্বোধনী ব্যাটসম্যান রোশান মহানামা ও ব্র্যান্ডন কুরুপ্পু সংগ্রহ করেন যথাক্রমে ১২ ও ১৪ রান।করাচির উইকেট সেদিন খুবই ব্যাটিং সহায়ক হলেও ভিভ রিচার্ডসের ১৮১ রানের ইনিংসটিকে ঠিক সেই পাল্লায় মাপা সম্ভব নয়। রিচার্ডস সেদিন এমন অদ্ভুত ক্যারিশমায় শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছিলেন, যেখানে উইকেটের আলোচনা গিয়ে দাঁড়িয়েছিল একেবারে অপ্রাসঙ্গিক এক বিষয়ে। কারণ, শ্রীলঙ্কান বোলারদের বল সেদিন উইকেটের ওপর পড়ারই সুযোগ দেননি ভিভ রিচার্ডস। বিভিন্নভাবে, নানা ইম্প্রোভাইজেশনের মাধ্যমে সেদিন রিচার্ডস সাজিয়েছিলেন তাঁর ইনিংসটি। রিচার্ডসের সেই ইনিংসে ছিল ১৬টি চার ও সাতটি ছয়ের মার। করাচির দর্শকেরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে সেদিন মাঠে গিয়েছিল। কিন্তু তারা সেদিন অবাক বিস্ময়ে দেখেছিল ভিভ রিচার্ডসের ঔদ্ধত্য। মুখে চুইংগাম নিয়ে ক্রিকেটকে যে কতটা সহজ খেলার পরিণত করা যায়, সেদিন সবাই মন-প্রাণ ভরে রিচার্ডসের কাছ থেকে সেটাই শিখেছিল। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসেও তাই একটু আলাদা করেই চিরদিন আলোচনায় থাকবে ভিভ রিচার্ডসের সেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া ইনিংসটি।