রিফাতকে ছাড়াই জাতীয় দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া প্রতিবেদকগত বছর দায়িত্ব নিয়েই দাবার নতুন কমিটি চেষ্টা করেছিল পাঁচ গ্র্যান্ডমাস্টারকে জাতীয় দাবায় খেলানোর। কিন্তু সেবার ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেননি দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় দাবার আরেকটি আসর। এবার জাতীয় দাবায় রাকিব-রাজীব খেললেও অংশ নিচ্ছেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার।
পাঁচ গ্র্যান্ডমাস্টার খেললে গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম পাওয়ার সম্ভাবনা থাকত দুই আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর) ও আবু সুফিয়ানের (শাকিল)। কিন্তু রিফাত না খেলায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা দুজন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক কাল সংবাদ সম্মেলনে বললেন, ‘আমরা গতবারও সবাইকে অনুরোধ করেছিলাম জাতীয় দাবায় অংশ নিতে। এবারও সবাইকে চিঠি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছি। কিন্তু রিফাতের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’
চার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীবের সঙ্গে খেলবেন বাছাইপর্ব পেরিয়ে আসা দাবাড়ু মিনহাজউদ্দিন, আবু সুফিয়ান, শেখ নাসির, আমিনুল, দেবরাজ, মোহাম্মদ জাবেদ, মেহেদী হাসান, মোহাম্মদ শফিক ও জামালউদ্দিন।
এবারের জাতীয় দাবার পৃষ্ঠপোষক বার্জার পেইন্টস।