স্পেনের জন্য ফ্রান্স একটা গেরো হয়ে আছে। যে বজ্র আঁটুনি এখনো খুলতে পারেনি স্পেন। পরিসংখ্যান অনেক সময় যে ভ্রান্ত ধারণা দেয়, স্পেন-ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ের হিসাব তারই এক ভালো উদাহরণ। ৩০ ম্যাচের ১৩টাই জিতে এগিয়ে আছে স্পেন, হেরেছে ১১টিতে। এই তথ্য আপনাকে জানতে দিচ্ছে না, এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রান্সকে কখনো হারাতে পারেনি স্পেন! ১৩ জয়ের সবগুলোই যে প্রীতি ম্যাচে!ইতিহাসের পাতা উল্টালে স্পেনের জন্য একের পর এক হতাশার ছবিই বেরোয়। ১৯৮৪ সালের ইউরো ফাইনাল। প্যারিসে সেবার স্পেনকে ২-০ গোলে হারিয়েই প্রথম বড় শিরোপা জিতেছিল ফরাসিরা। ইউরোতে পরে আরও দুবার দেখা। ১৯৯৬ সালে ম্যাচটি হয়েছিল ১-১ ড্র। ২০০০ ইউরোতে আবারও ফ্রান্স জয়ী ২-১ গোলে! ২০০৬ সালে দুই দলের একমাত্র বিশ্বকাপ সাক্ষাতে জিদান-জাদুতে ফ্রান্স জেতে ৩-১ গোলে, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় স্পেন।জিদান আর নেই। কিন্তু ওই ম্যাচে ফ্রান্সকে জেতানো গোলদাতা আছেন। ২০০৬ সালে মাত্রই জাতীয় দলে পা রাখা ২৩ বছর বয়সী সেই খেলোয়াড় স্পেনের বিপক্ষেই পেয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। ৬ বছর পর সেই খেলোয়াড়টিই এখন ফ্রান্সের মূল ভরসা। নাম ফ্রাঙ্ক রিবেরি। ভিসেন্তে দেল বস্ক খোলাখুলিই বলেছেন, আজ তাঁর দুশ্চিন্তা রিবেরিকে নিয়েই। রিবেরিকে ঠেকাতেই স্পেনের রক্ষণ নিয়ে নতুন করে ভাবছেন কোচ। জোর সম্ভাবনা আছে চাপের মধ্যে থাকা আলভারো আরবেলোয়ার আজ বেঞ্চে চলে যাওয়ার। সুযোগ পেতে পারেন হুয়ানফ্রান তোরেস। অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারও প্রস্তুত চ্যালেঞ্জটা নিতে, ‘যেকোনো মুহূর্তে রিবেরি গোলের সুযোগ তৈরি করতে পারে, কিংবা বানিয়ে দিতে পারে গোল। ও ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। আমাদের শুধু আশা ওর একটা বাজে দিন যাবে এবং আমরা ওকে এবং আক্রমণভাগে ওর সতীর্থদের আটকে দিতে পারব।’আজকের লড়াইটা আসলে দুই দলের মাঝমাঠের। এই মুহূর্তে স্পেনের মিডফিল্ডই বিশ্বসেরা। জাভি-ইনিয়েস্তা-জাবি-ফ্যাব্রিগাস-সিলভাদের মতো খেলোয়াড় আছে তাদের। ফ্রান্সের মাঝমাঠও সমীহ-জাগানিয়া। রিবেরির নেতৃত্বে সেখানে আছেন সামির নাসরি, জেরেমি মেনেস, হাতেম বেন আরফা, মারভিন মার্টিনেরা। ফ্রান্স কোচ লরাঁ ব্লাঁও স্প্যানিশ ফুটবলের ভক্ত, অনুসারীও। ‘স্পেনের বেশি বলের দখল রাখতে পারলে সেটাই হবে আমাদের একটা অর্জন। এই জায়গাটায় তারা খুব, খুবই শক্তিশালী। ওরা যে ধরনে খেলে, সেটি আমি খুব পছন্দ করি। এটা শুধু দেখতেই ভালো নয়, কার্যকরও’—বলেছেন ব্লাঁ।গ্রুপ পর্বে দুই দলেরই শেষটা মনমতো হয়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও স্পেনকে ঠিক ‘স্পেন’ মনে হয়নি। ফ্রান্স তো সুইডেনের কাছে ২-০ গোলে হেরেই গেল। শুধু তা-ই নয়, ওই ম্যাচের পর ফরাসি শিবিরে পাওয়া গেছে দলীয় কোন্দলের খবরও। গত বিশ্বকাপের স্মৃতি মনে আছে বলেই ফরাসি সমর্থকেরা উদ্বিগ্ন। ব্লাঁ অবশ্য এই খবরটিকে পাত্তা দিতে চাননি। তবে সহকারী কোচ অ্যালেইন বোগোসিঁয়ে স্বীকার করেছেন, ‘ঝগড়া, বলা ভালো কথা-কাটাকাটি হয়েছে। কিন্তু ড্রেসিংরুমে এসব হয়ই।’ স্পেনকে আটকাতে হলে সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে আজ। আর ফ্রান্স-গেরোটা খুলতে হলে স্পেনকেও ভালো খেলতে হবে একটা দল হিসেবে। নয়তো? ইউরো-বিশ্বকাপ-ইউরো—শিরোপাত্রয়ীর যাত্রা হোঁচট খাবে এখানেই! এএফপি, রয়টার্স।