রিবেরিকেই ইউরোপসেরা বললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে পেছনে ফেলে ইউরোপসেরার পুরস্কার নিতে যাচ্ছেন রিবেরি। ছবি: রয়টার্স
মেসিকে পেছনে ফেলে ইউরোপসেরার পুরস্কার নিতে যাচ্ছেন রিবেরি। ছবি: রয়টার্স

পুরস্কার পেতে পেতে সেটি যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন। তবে এবার অন্য রকম অভিজ্ঞতা হলো লিওনেল মেসির। তাঁকে দর্শক বানিয়ে উয়েফা বর্ষসেরা হয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। মেসি অবশ্য জানালেন, এ নিয়ে তাঁর মনে কোনো খেদ নেই। গত মৌসুমে রিবেরিই যে ইউরোপের সেরা খেলোয়াড় ছিলেন, সেটা মেনে নিতে কোনো দ্বিধা নেই তাঁর। রিবেরি যে বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন বিরল ‘ট্রেবল’।
এ বছরের ইউরোপসেরার পুরস্কারটা যে রিবেরির হাতেই উঠবে, এটা আগেই অনুমান করেছিলেন অনেকে। ২০১২-১৩ মৌসুমটা সত্যিই দারুণ কেটেছে রিবেরির। বায়ার্ন মিউনিখের ইতিহাস গড়া ট্রেবল জয়ের পেছনে ব্যাপক অবদান ছিল এই ফরাসি উইঙ্গারের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুটি লেগেই বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল মেসির বার্সেলোনাকে। তার পরও ইউরোপের সেরা তিনজনের মধ্যে আসতে পারাটাই সম্মানের ব্যাপার বলে মনে করছেন মেসি, ‘আবার ইউরোপের সেরা তিনের মধ্যে আসতে পারাটা আমার জন্য অনেক বড় সম্মান। ফুটবল-বিশ্বে অনেক ভালো খেলোয়াড় আছে। আর তার মধ্যে থেকে এই পর্যন্ত আসাটা সত্যিই আনন্দের ব্যাপার। কিন্তু রিবেরিই পুরস্কারটার প্রকৃত দাবিদার।’
তবে ইউরোপসেরার পুরস্কার না পাওয়ার দুঃখ ভুলতে পারলেও বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৭-০ গোলের হারের শোকটা হয়তো এত সহজে ভুলতে পারবেন না মেসি। এটা যে একটা তিক্ত অভিজ্ঞতা, সেটা স্বীকার করে নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু এখন অতীতের দুঃখ ভুলে সামনের দিকেই নজর রাখছেন তিনি, ‘বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালটা সত্যিই একটা তিক্ত অভিজ্ঞতা। দুই দলের মধ্যে ব্যবধানটাও অনেক বেশি ছিল। আমরা খুব একটা ভালো অবস্থায় ছিলাম না। কিন্তু সেটা এখন অতীত। আমাদের এখন সামনের দিনগুলোর দিকে তাকাতে হবে।’ গোল ডটকম।