রিবেরিদের সঙ্গে আইমে জ্যাক

ফ্রান্স হয়তো ফেবারিট তালিকায় নেই। তবে রিবেরি-বেনজেমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই কারোই। দিদিয়ের দেশমের দলটি যথেষ্টই প্রতিভাবান। প্রয়োজন কেবল সবাইকে এক সুতোয় গেঁথে দেশের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার মানসিকতায় গড়ে তোলা। সেই কাজটি করতেই পরশু ফ্রান্সের অনুশীলন ক্যাম্পে ছুটে গেলেন আইমে জ্যাক। দেশের একমাত্র বিশ্বকাপজয়ী কোচকে নিজেদের মাঝে পেয়ে ফ্রান্সের খেলোয়াড়েরা ছিলেন উচ্ছ্বসিত। ১৯৯৮ সালে আইমে জ্যাকের হাত ধরেই ফ্রান্স পায় প্রথম বিশ্বজয়ের স্বাদ। বর্তমান কোচ দেশম ছিলেন সেই দলের অধিনায়ক। প্যারিসের উপকণ্ঠে অনুশীলন ক্যাম্পে গিয়ে ৭২ বছর বয়সী জ্যাক উত্তরসূরিদের নানা পরামর্শ দিয়েছেন। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বেনজেমা যেমন বললেন, ‘তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। আমাদের টিপস দিয়েছেন, এককাট্টা হতে বলেছেন, মজা করেছেন এবং বলেছেন স্বপ্নকে তাড়া করতে।’ এএফপি।