রিবেরির একটি স্বপ্নপূরণ

মিউনিখ থেকে প্রাগ। হোটেলে বাক্সপেটরা রেখে ঠিকঠাক বিশ্রামেরও সময় পাননি। তড়িঘড়ি আবার মোনাকোর বিমান ধরতে হয়েছে। উয়েফা বর্ষসেরা ফুটবলারকে যে সেখানেই পুরস্কৃত করা হয়েছে।
তখনো অনেকের মনে হয়েছিল, এতটা ধকল সয়ে অযথাই যাওয়া। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে কি আর সেরা হওয়ার সুযোগ আছে? মিশেল প্লাতিনি নাম ঘোষণার আগেও ক্যামেরায় বারবার মেসিকে দেখাচ্ছিল। পাওয়ার আশা নেই বুঝেই হয়তো রোনালদো মোনাকোতে যানইনি! আগে জানলে কি মেসিও যেতেন?
ইউরোপের বর্ষসেরা ফুটবলারের নাম উচ্চারিত হলো অবশেষে—ফ্রাঙ্ক রিবেরি!
বিস্ময়কর মোটেও নয়। চূড়ান্ত পর্যায়ে ভোট দিয়েছেন ৫৩ জন ক্রীড়া সাংবাদিক। ৩৬টি ভোটই গেছে রিবেরির বাক্সে। মেসি পেয়েছেন ১৪টি, বাকি ৩টি রোনালদোর। ‘যোজন যোজন’ এগিয়ে থেকেই ইউরোপের বর্ষসেরা হলেন রিবেরি।
আগে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর ফিফা বর্ষসেরা ফুটবলারের সঙ্গে মিলে এক হয়ে গেছে ২০১০ সালে। পরের বছর থেকে তাই ইউরোপের বর্ষসেরা ফুটবলারের জন্য এ পুরস্কার চালু করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। ফরাসি উইঙ্গার রিবেরি কাল পুরস্কারও নিলেন পূর্বসূরির হাত থেকেই। আগের দুই বছর এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি (২০১১) ও আন্দ্রেস ইনিয়েস্তা (২০১২)। তবে ১৯৯৮ সালে জিনেদিন জিদানের পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার ইউরোপ-সেরা হলেন। কার্ল হেইঞ্জ রুমেনিগের (১৯৮১ সালে) পর এই প্রথম কোনো বায়ার্ন মিউনিখ ফুটবলার! রিবেরির প্রতিক্রিয়ায় যেন আকাশে ওড়ার অনুভূতি, ‘ছোটবেলা থেকেই এটা আমার স্বপ্ন ছিল। তারপর আমি পেশাদার খেলোয়াড় হলাম, উন্নতি করার জন্য অনেক পরিশ্রম করলাম কিন্তু স্বপ্নটা ছিলই। অবশেষে এ পুরস্কার পেয়ে আমি দারুণ আনন্দিত। খুবই গর্বিত।’
কেবল ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে মেসি-রোনালদোরা এগিয়ে থাকবেন। গত মৌসুমে ক্লাবের হয়ে মোট ৬০ গোল করেছেন মেসি, ১৮ গোলে রেখেছেন অবদান। ৫৫ গোল করা রোনালদোরও সহায়ক ভূমিকা ১৪টিতে। অথচ এই দুজনকে পেছনে ফেলে ইউরোপ-সেরা বায়ার্নের হয়ে গত মৌসুমে ১১ গোল আর ২৩টি গোলে ভূমিকা রাখা রিবেরি। কিন্তু মেসি-রোনালদোরা যেটা করতে পারেননি রিবেরি যে সেটাই করে দেখিয়েছেন। এত কিছুর পরও গত মৌসুমে মেসি জিতেছেন শুধু লা লিগা। রোনালদোকে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ সুপার কাপ নিয়ে। অথচ রিবেরির বায়ার্ন মিউনিখ জিতেছে ট্রেবল।
স্বার্থপরতার কারণে আগেরবার চেলসির কাছে হারের পর নাকি তখনকার বায়ার্ন কোচ ইয়েপ হেইঙ্কেস তাঁকে হুমকি দিয়েছিলেন, ‘এভাবে খেললে তোমাকে বেঞ্চে বসিয়ে রাখব। দলের জন্য খেলো।’
কোচের কথা যে রেখেছেন রিবেরি তার প্রমাণ এই পুরস্কার। আরাধ্য ট্রফিটা হাতে নিয়ে বায়ার্ন তারকাও তাই সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানালেন সতীর্থদেরই, ‘এটা দুর্দান্ত একটা মৌসুম ছিল। এর আগের মৌসুমে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না কিন্তু তার পরও আমরা আবার নতুন করে শুরু করেছি এবং সবাই খুবই পরিশ্রম করেছি।’ এএফপি।