রিবেরির চোখে বায়ার্ন-স্বপ্ন
আবারও নিজেদের হারানো গৌরব ফিরে পাবে বায়ার্ন মিউনিখ। ইউরোপের সেরা কয়েকটি ক্লাবের সঙ্গে উচ্চারিত হবে তাদের নাম। আর সেই গৌরবের পথে যাত্রা শুরু হবে এবারের চ্যাম্পিয়নস লিগ জিতে। এ রকম স্বপ্নই দেখছেন বাভারিয়ান ক্লাবটির ফরাসি মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি।রিবেরিকে স্বপ্ন দেখাচ্ছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাওয়া বায়ার্নের বড় জয়। আলিয়াঞ্জ অ্যারেনায় পাওয়া ২-০ গোলের জয়টিতে বড় অবদান ২৮ বছর বয়সী ফরাসির। কখনো আক্রমণে, কখনো রক্ষণে অক্লান্ত খেলে গেছেন পুরো ম্যাচেই। ভেসেছেন বায়ার্ন কোচ ইয়াপ হেইঙ্কসের প্রশংসাতেও। ম্যাচে রিবেরি ও শোয়েনস্টেইগারের পারফরম্যান্সকে বর্ণনা করেছেন ‘বিশ্বমানের’ হিসেবে।সময়টা দারুণ যাচ্ছে বায়ার্নের। সর্বশেষ ১০টি ম্যাচেই জিতেছে জার্মানির সফলতম ক্লাবটি, একটি গোলও ঢোকেনি তাদের জালে। ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন স্ট্রাইকার মারিও গোমেজ। আর এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালটাও হবে মিউনিখে। সব মিলিয়ে রিবেরি বলেছেন, ‘আমাদের জন্য এটা হতে পারে স্বপ্নের ফাইনাল। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে (এখন) যা হচ্ছে সেটা অবিশ্বাস্য, ইউরোপে এই মুহূর্তে আমরা অন্যতম সেরা দল।’ এএফপি।তবে ক্লাবের এই রমরমার মধ্যেও সতর্ক ক্লাব প্রধান কার্ল হেইঞ্জ-রুমেনিগে। জার্মানির সাবেক তারকা ফুটবলার সবাইকে সতর্ক করে বলেছেন, ‘নকআউট পর্বের আগে চ্যাম্পিয়নস লিগটা সত্যিই জমে না এবং শিরোপা নির্ধারিত হবে মে মাসে, সেপ্টেম্বরে নয়। আমাদের ধাপে ধাপে এগোতে হবে।’চ্যাম্পিয়নস লিগের কঠিন দিকটা অধিনায়ক ফিলিপ লামেরও অজানা নয়, ‘আমরা যদি ফর্মটা ধরে রাখতে পারি, বুন্দেসলিগায় কেউ থামাতে পারবে না। তবে চ্যাম্পিয়নস লিগটা অন্য রকম। ওখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যানইউর মতো ক্লাবকে হারাতে হবে।’