রিবেরির দাবি নাকচ করলেন জিদান

জুরিখের সে সন্ধ্যায় চোখের সামনেই আরাধ্য ব্যালন ডি’অর ক্রিস্টিয়ানো রোনালদোর হাত উঠতে দেখে পাড় ভাঙা নদীর মতো মনটাও কি ভেঙে চুরমার হচ্ছিল ফ্রাঙ্ক রিবেরির? হয়তো বা। নইলে কয়দিন বাদেই কেন যাবতীয় ক্ষোভ উগরে দেবেন বায়ার্ন তারকা? রিবেরির গাত্রদাহ দেখেই কিনা এগিয়ে এলেন স্বদেশি কিংবদন্তি জিনেদিন জিদান।
আগেই বলা হয়েছে, পুরস্কার নিয়ে ষড়যন্ত্র দেখছেন রিবেরি। এ প্রসঙ্গে অবশ্য জিদানের অভিমত, ব্যালন ডি’অর না জেতায় রিবেরি নিজের ভাগ্যকেই দুষতে পারেন। আসলে জিদানের অবস্থা অনেকটা শ্যাম রাখি না কূল রাখির মতো। একদিকে তাঁরই উত্তরসূরি রিবেরি, অন্যদিকে রিয়ালের সহকারী কোচসূত্রে তাঁর শিষ্য রোনালদো। কার পক্ষে দাঁড়াবেন? তবে শেষ অবদি জিদানের পক্ষপাত সিআর সেভেনের প্রতিই।
ফ্রান্স বিশ্বকাপজয়ী এক ফ্রেঞ্চ টিভিকে বলেন, ‘গত মৌসুমে ফ্রাঙ্ক রিবেরি যা করেছে, তাতে সে কিছু (পুরস্কার অর্থে) পাওয়ার যোগ্য। কিন্তু আমরা স্ক্যান্ডাল ছড়াতে উচ্চবাচ্য করব না। আজকের দিনে একটি পুরস্কার জিততে তিনটি মানদণ্ড থাকে। আমাদের তা পরিষ্কার করতে হবে। ক্লাব বা নিজের ভাবমূর্তির জন্য কিংবা স্বতন্ত্রভাবে খেলোয়াড় যা করে সেটি ছোট করা উচিত নয়। আমার মতে, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই পুরস্কার জেতা উচিত। ফ্রাঙ্ক (রিবেরি) অসাধারণ। কিন্তু ক্রিস্টিয়ানোর (রোনালদো) সঙ্গে ওর পার্থক্য, ক্রিস্টিয়ানো ৬৯ গোল করেছে। এটা করা অবিশ্বাস্য ব্যাপার।’ ওয়েবসাইট।