রিবেরির দিনে বায়ার্নের মাইলফলক

পুরস্কার ঘোষণা করা হবে ১৩ জানুয়ারি। কিন্তু যে ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো তাতে এখনই ফিফা-ব্যালন ডি’অরটা তাঁর হাতে তুলে দিতে যেন আপত্তি নেই অনেকের! ভিন্নমতাবলম্বীও অনেকে আছেন অবশ্য। টানা চারবার পুরস্কার পাওয়া লিওনেল মেসির হাতে এবারও ব্যালন ডি’র তুলে দেওয়ার পক্ষে তাঁরা।
এই দুই মহাতারকার স্তুতি আর প্রশস্তিকীর্তনে কেউ কেউ হয়তো ভুলে গিয়েছিলেন ফ্রাঙ্ক রিবেরি নামেও একজন আছেন এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার হয়ে। ভোলাটা দোষের কিছু নয়, পাঁজরের চোটে বেশ কিছুদিন মাঠের বাইরে উয়েফার ইউরোপ-সেরা ফুটবলার। মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা তাই নিজেই নিলেন রিবেরি!
মাস খানেক পরে ফিরলেন বায়ার্নের একাদশে। দুটি গোল করলেন, করালেনও দুটি। তারপর ম্যাচ শেষে বললেন, ‘আমি ফিরেছি।’
এমন প্রত্যাবর্তনের পর সেটা না বললেও চলত। রিবেরি আলোয় ঝলমল করে ওঠা বায়ার্ন ভেসাস্টাডিওনে ভেরডার ব্রেমেনকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। অথচ ব্রেমেনকে তাদের নিজেদের মাঠে লিগে জঘন্যতম হারের স্বাদ দেওয়া বায়ার্ন দলে ছিলেন না বাস্তিয়ান শোয়েনস্টাইগার, ফিলিপ লাম আর আরিয়েন রোবেনের মতো ফুটবলাররা। দারুণ এই জয়ে তাই বায়ার্ন একদিকে যেমন লিগে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার নতুন মাইলফলক ছুঁল, অন্যদিকে প্রতিপক্ষদেরও দেখিয়ে দিল তাদের দলের গভীরতা। এমন একটা দলের কোচ হতে পেরে পেপ গার্দিওলা তাই আনন্দিত, ‘আমি ছেলেদের একটা বড় ধন্যবাদ দিতে চাই। ওরা খুবই ভালো খেলেছে। ওদের কোচ হওয়াটা ছিল আজ আমার জন্য সম্মানের।’ একটু বেশি প্রশংসা অবশ্য করেছেন রিবেরিরও, ‘আমাদের এই অবস্থানে আসার পেছনে বড় ভূমিকা ওর। অন্য অনেকেই হয়তো আছে, কিন্তু ব্যালন ডি’অর তারই পাওনা।’
১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। একই দিনে বরুসিয়া ডর্টমুন্ডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে বেয়ার লেভারকুসেন। সমান ম্যাচে ওদের পয়েন্ট ৩৭। ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ডর্টমুন্ড।
একই রাতে রিবেরির মতোই জোড়া গোল করেছেন এবং আরও দুটি গোলে ভূমিকা রেখেছেন ব্যালন ডি’অরের আরেক দাবিদার জ্লাতান ইব্রাহিমোভিচ। সঙ্গে এডিনসন কাভানি, এজেকুয়েল লাভেজ্জি আর থিয়াগো সিলভার গোলে পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সোশোকে। ফ্রেঞ্চ লিগে এই মৌসুমে ১৩ গোল হলো ইব্রার, ১১টি কাভানির। লিগের সর্বোচ্চ দুই গোলদাতাও তাঁরা দুজনই!
তবে রাতটা একদমই ভালো যায়নি সিরি ‘আ’র বড় দুই দল এসি মিলান ও নাপোলির। নিজের মাঠে উদিনেসের সঙ্গে ৩-৩ ড্র করেছে নাপোলি। লিভোর্নোর সঙ্গে ২-২ ড্র করেছে মিলানও। এএফপি।