রিবেরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ অক্টোবর সিএনএন দিয়েছিল অদ্ভুত এক খবর। যুক্তরাষ্ট্রের নেভাডার এক ক্রিওথেরাপি চেম্বারে ২৪ বছর বয়সী নারীর মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু সেখানে নাম জড়িয়ে গেল ফ্রান্সের ফুটবলার ফ্রাঙ্ক রিবেরির! কারণ চেম্বারে শুয়ে ক্রিওথেরাপি নিচ্ছেন রিবেরি, এমন এক ছবি জুড়ে দেওয়া হয়েছিল খবরটির সঙ্গে। রিবেরির মতো তারকার জন্য এটি অনেক বড় ঘটনা। সামান্য এক গুজবেই তারকাদের নামের পাশে লেগে যায় কালির দাগ। আর এটি তো অস্বাভাবিক এক মৃত্যুর খবর! সিএনএন রিবেরির ছবিটিও জোগাড় করেছিল এই মিডফিল্ডারের অনুমতি ছাড়াই। এমন এক খবরের সঙ্গে নাম জড়িয়ে পড়ায় গত কয়েক দিনে তাঁর পুরো পরিবারকেই বেশ হেনস্তা হতে হয়েছে। তাই সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলাই ঠুকে দিয়েছেন রিবেরি। তাঁর ভাবমূর্তিতে দাগ ফেলার জন্য ক্ষতিপূরণ চেয়েছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। অঙ্কটাও নেহাত কম নয়—১৫ লাখ ডলার। রয়টার্স।