রিবেরোর কাঠগড়ায় রোনালদো
রোনালদোকে কাঠগড়ায় তুললেন লুইস আলভরো ডি অলিভিয়েরা রিবেরো। নেইমারকে দলে টানতে কোমর বেঁধেই নেমেছিল রিয়াল। সান্তোস সভাপতির দাবি, রোনালদোই বার্নাব্যুতে যাওয়ার জন্য প্রলুব্ধ করেছেন নেইমারকে।নেইমারের সঙ্গে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করে এ-যাত্রা রিয়াল-মরিনহোকে গোলই দিয়েছে সান্তোস। কিন্তু রিয়াল এবং হোসে মরিনহোর ‘লক্ষ্যের’ খেলোয়াড়কে ধরে রাখা কি চাট্টিখানি কথা? নেইমারকে ধরে রাখতে ক্লাব সভাপতি হিসেবে ঝড়ঝাপটা যে রিবেরোকেই সামলাতে হয়েছে, এটা বলা বাহুল্য। তাই হয়তো বিষয়টি চুকেবুকে যাওয়ার এত দিন পরও প্রসঙ্গটি তুললেন সান্তোস সভাপতি, ‘রোনালদোই প্রথম রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা বলে। তারপর স্পেনের ক্লাবটি থেকে লোকজন আসে।’বুট জোড়া তুলে রাখার পর নাইন নামে একটি এজেন্সি খুলে বসেছেন রোনালদো। ‘দ্য ফেনোমেনন’ কাজ করছেন খেলোয়াড়দের এজেন্ট হিসেবে। রিবেরোর দাবি, রোনালদো রিয়ালের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাঁর কাছেও, ‘সে একটা প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। কিন্তু এটা ছিল বাউ-আউট ক্লজের চেয়েও অনেক কম, ৪ কোটি ৫০ লাখ ইউরোর কাছাকাছি।’ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ককে একটা খোঁচাও মেরেছেন রিবেরো, ‘আমার ধারণা, সে টাকা কামাতে চায়, এটা তার অধিকার। কিন্তু সে যেমন চায়, আমি সেভাবে টাকা কামাতে চাই না। আমরা একই ক্ষেত্রে এজেন্ট হিসেবে কাজ করি না। আমরা চাই, নেইমার একটা সফল ক্যারিয়ার পার করুক।’ ওয়েবসাইট।