রিভার প্লেটের উল্টো ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্কাটাই সত্যি হলো। ক্লাবের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার শীর্ষ লিগ থেকে অবনমনের লজ্জাতে ডুবল রিভার প্লেট। বেলগ্রানো ডি কর্দোবার বিপক্ষে উত্তরণ-অবনমন প্লে-অফের প্রথম লেগে ২-০ গোলে হেরেই অবনমনের পথে এক পা দিয়ে রেখেছিল রিভার প্লেট। তার পরও নিজেদের মাঠে দ্বিতীয় লেগ বলে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা।পরিবর্তে জুটেছে নিদারুণ হতাশা। পরশু এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে ৫০ হাজার সমর্থককে কাঁদিয়ে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে সফলতম দলটি। যার অর্থ, ৩-১ গোলের সার্বিক ফলে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে উঠে গেল বেলগ্রানো ডি কর্দোবা। আর্জেন্টিনার শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৩ বারের চ্যাম্পিয়ন রিভার প্লেট নেমে গেল প্রিমেরা ‘বি’ লিগে।কল্পনাতীত এ ঘটনা রিভার প্লেটের সমর্থকেরা নীরবে মেনে নেয়নি। মাঠেই শুরু করে দিয়েছে গন্ডগোল। এটা অবশ্য অনুমিতই ছিল। কর্দোবার মাঠে প্রথম লেগে রিভার সমর্থকেরা মাঠে নেমে যাওয়ায় খেলা ২০ মিনিট বন্ধ ছিল। তবে এ দিনের প্রকৃত চিত্রটা অনুমানের চেয়েও ভয়াবহ হয়েছে। সম্ভাব্য হাঙ্গামা ঠেকাতে মাঠ এবং মাঠের বাইরে ২২০০ পুলিশ ছিল। কিন্তু সেটিও অপর্যাপ্ত বলে প্রমাণিত হয়েছে।গ্যালারি এতই অশান্ত হয়ে পড়েছিল, রেফারি ৮৯ মিনিটেই শেষ বাঁশি বাজিয়ে দিয়েছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে এরপর। সমর্থকেরা মাঠে ঢিল ছুড়তে শুরু করে। পুলিশও জলকামান ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের বাইরের এলাকাও পরিণত হয় রণক্ষেত্রে। এতে ৬৮ জন আহত হয়, এর মধ্যে মাথায় আঘাত পাওয়া দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর। গ্রেপ্তার করা হয়েছে ৫০ জনকে। ভাঙচুর করা হয়েছে ১৫টি গাড়ি। বেলগ্রানোর তিন হাজার সমর্থক দুই ঘণ্টা মাঠে অবরুদ্ধ থাকার পর মাঠ ছাড়তে সক্ষম হন। দুই দলের খেলোয়াড়েরাও পুলিশি পাহারায় মাঠ ছাড়ে।আর্জেন্টাইন ফুটবলে রিভার প্লেটের অনেক কীর্তিগাথা। সেই দলটির জার্সি গায়েই এমন লজ্জার ইতিহাস লেখার পর রিভার প্লেটের খেলোয়াড়েরা পরস্পরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। ১৯০১ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটির নাম রিও ডি লা প্লাটার ইংরেজি রূপ। রিও ডি লা প্লাটা একটি নদীর নাম, যা আর্জেন্টিনা ও উরুগুয়েকে পৃথক করেছে। ক্লাবটির একটি নিকনেমও আছে, যেটি এখন শোনাচ্ছে পরিহাসের মতো। রিভার প্লেটের ‘মিলিওনিয়ারস’ নাম হয়েছিল ১৯৩০-এর দশকে। নামকরণের রহস্য হলো, তখন খুব ধনী এই ক্লাব বিশাল ট্রান্সফার ফির বিনিময়ে অন্য ক্লাব থেকে খেলোয়াড় কেনায় অগ্রণী ছিল। সেই ‘লাখপতি’ ক্লাব এখন ‘দেউলিয়া’। তবে ক্লাবের সভাপতি ড্যানিয়েল প্যাসারেলা আবারও সুদিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন। নামটি পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, এই প্যাসারেলা ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক।রিভার প্লেট সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। আরও অনেক সাফল্যের সঙ্গে বুয়েনস এইরেসের ক্লাবটি আন্তর্জাতিক শিরোপাও জিতেছে ৫টি—দুবার কোপা লিবার্তোদোরেস, একবার করে ইন্টারকন্টিনেন্টাল কাপ, সুপারকোপা সুদামেরিকানা ও কোপা ইন্টারামেরিকানার শিরোপা।রিভার প্লেটের অবনমনে আর্জেন্টাইন ফুটবলের আগামী মৌসুম থেকে হারিয়ে গেল সুপার ক্লাসিকো। একই শহরের দুই ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের দ্বৈরথ সুপার ক্লাসিকো নামে পরিচিত, যা রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মতোই চরম বৈরিতার ইতিহাস। কাপে দেখা না হলে এই দ্বৈরথের স্বাদ থেকে বঞ্চিতই হবে আর্জেন্টাইনরা। বোকার কাছে আরেক দিক থেকেও হেরে গেল রিভার প্লেট। বোকা জুনিয়র্স কখনো আর্জেন্টিনার শীর্ষ লিগ থেকে অবনমিত হয়নি। এই গৌরব আছে আর একটি ক্লাবেরই—ইন্ডিপেন্ডিয়েন্তে। এএফপি