রিভার প্লেটের একি হাল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ১১০ বছরের ইতিহাসে এমন দুঃসময়ে আর কখনোই পড়েনি রিভার প্লেট। আর্জেন্টিনার রেকর্ড ৩৩ বারের লিগজয়ী ক্লাবটি এখন অবনমনের শঙ্কায়। পরশু নিজেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামের ভরা গ্যালারির সামনে রিভার লানুসের কাছে হেরে গেছে ২-১ গোলে। প্রথম বিভাগে টিকে থাকতে হলে দ্বিতীয় বিভাগের দল বেলগ্রানোর সঙ্গে প্লে-অফ খেলতে হবে। দুই লেগের এই প্লে-অফে হেরে গেলে শতবর্ষী ক্লাবটি প্রথমবারের মতো অবনমিত হবে প্রথম বিভাগ থেকে।ক্লাবের এই দুর্দশা সমর্থকদের মেনে নেওয়া খুব কঠিন। মাঠেই ৬৮ বছর বয়সী এক সমর্থক হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে খবর। খেলোয়াড়েরা মাঠ ছেড়েছেন পুলিশি পাহারায়। এ সময় ৪৫ হাজার দর্শকের সিংহভাগই হাতের কাছে যা পেয়েছে, সেটাই ছুড়ে মেরেছে মাঠে। প্লে-অফ জিততে না পারলে আরও বড় বিপর্যয়ই হয়তো অপেক্ষা করছে সামনে। এএফপি।