রিভালদো-ইতোকে ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই একটা তথ্য সংশোধন করে নেওয়া যাক। এই কলামেই ছাপা হয়েছিল, লিওনেল মেসির হ্যাটট্রিক পাঁচটি। আসলে সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের হ্যাটট্রিকটি ছিল ক্লাবের হয়ে মেসির সপ্তম। বার্সেলোনার জার্সি গায়ে এতগুলো হ্যাটট্রিক আর কারও নেই। ওই ম্যাচেই বার্সার হয়ে মেসির গোলসংখ্যা পৌঁছেছে ১৩০-এ। ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি ছুঁয়ে ফেলেছেন ক্লাবের দুই সাবেক তারকা ক্যামেরুনের স্যামুয়েল ইতো আর ব্রাজিলের রিভালদোকে। যৌথভাবে এ দুজনের সঙ্গে সাতে থাকা মেসির পক্ষে সম্ভব এবারই তিন নম্বরে উঠে যাওয়া। দূরত্ব খুব বেশি নয়। ১৭৮ গোল নিয়ে তিনে অবস্থান হোসেপ সামিতিয়ারের। ১৬৪ গোল নিয়ে চারে আছেন আরেক হোসেপ—এসকোলা। পাঁচ আর ছয়ে আছেন পলিনো অ্যালকানটারা (১৩৭), অ্যাঞ্জেল আরোচা (১৩৪)। এই মৌসুমে এঁদের টপকে যাওয়া মেসির পক্ষে কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়। তবে এই আর্জেন্টাইনের চোখ নিশ্চয়ই এক নম্বরে। ২৩৫ গোল নিয়ে যেখানে আসীন সিজার রদ্রিগেজ। ১৯৬ গোল নিয়ে দুইয়ে আছেন হাঙ্গেরির লাদিসলাও কুবালা।