রিভিউ পদ্ধতির রিভিউ দাবি
আইসিসি ক্রিকেট কমিটি সুপারিশ করেছে বারবার। তবু ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) বাধ্যতামূলক করতে পারছে না আইসিসি। ট্রেন্ট ব্রিজ টেস্ট নিশ্চিত করে দিল, পারবে না আরও অনেক দিন। যাদের বিরোধিতায় পারা যাচ্ছে না, সেই ভারত তো পেয়ে গেল আরেকটি অস্ত্র! ট্রেন্ট ব্রিজ টেস্টজুড়েই আলোচনায় ছিল ডিআরএস, শেষটাও হলো বিতর্কিতভাবে ডিআরএসে। তীরে গিয়ে তরি ডোবার যন্ত্রণায় দগ্ধ অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এখন ‘রিভিউ’ দাবি করছে রিভিউ পদ্ধতিরই। তবে দুই অধিনায়ক মাইকেল ক্লার্ক ও অ্যালিস্টার কুক ডিআরএস পদ্ধতিতে কোনো সমস্যা দেখছেন না। দুজনের মতেই, ব্যবধান গড়ে দিয়েছে ডিআরএস ব্যবহার করার ‘দক্ষতা’। শেষ উইকেটটি নিয়ে বিতর্ক থাকলেও সিদ্ধান্তটি ছিল সঠিক। তবে সংশয় আছে জোনাথন ট্রটের আউট নিয়ে। হট স্পট ক্যামেরা আগের বলের রিপ্লে দেখানোর আয়োজন করতে থাকায় ট্রটের খেলা বলটির ‘সাইড অন ভিউ’ দেখা সম্ভব হয়নি। তার পরও আউট দিয়ে দেন টেলিভিশন আম্পায়ার। ‘অপারেটরের ভুল’ বলে পরে ইংল্যান্ডের কাছে ক্ষমা চান হট স্পটের উদ্ভাবক ও আইসিসি। আবার স্টুয়ার্ট ব্রডের নিশ্চিত কট বিহাইন্ডে আম্পায়ার সাড়া না দেওয়ার পর অস্ট্রেলিয়া রিভিউ চাইতে পারেনি হাতে রিভিউ না থাকায়। এসব ক্ষেত্রে চাইলেও স্বতঃপ্রণোদিতভাবে টিভি আম্পায়ারের হস্তক্ষেপের নিয়ম নেই।অস্ট্রেলিয়ার নামী ক্রিকেট সাংবাদিক ম্যালকম কন এই কথাটিই লিখেছেন ডেইলি টেলিগ্রাফ-এ, ‘আলিম দার ব্রডের সবচেয়ে পরিষ্কার “এজ”টাকেও নটআউট দিয়েছেন, অস্ট্রেলিয়ার রিভিউ শেষ হয়ে যাওয়ায় ওই সিদ্ধান্তটিই বহাল থেকে যায়। এমনটা হওয়া উচিত নয়। ডিআরএস প্রবর্তন করা হয়েছে ভীষণ বাজে সিদ্ধান্তগুলো দূর করার জন্য। কিন্তু এই ম্যাচে প্রান্তিক সিদ্ধান্তগুলো হয়েছে প্রযুক্তিতে, অথচ বাজে সিদ্ধান্তগুলো থেকেই গেছে।’সে সময় ৩৭ রানে থাকা ব্রড পরে করেছেন আরও ২৮ রান, কুকের সঙ্গে জুটিতে এসেছে আরও ৫৯। অস্ট্রেলিয়া ম্যাচ হেরেছে ১৪ রানে। ওই সিদ্ধান্তকে ম্যাচের ভাগ্যনির্ধারক বললে তাই ভুল হয় না। ক্লার্ক অবশ্য এটিকে পরাজয়ের অজুহাত হিসেবে দাঁড় করাননি, ‘আমি মোটেও মনে করি না টেস্টের ভাগ্য নির্ধারিত হয়েছে ডিআরএসে। যেভাবে ডিআরএস ব্যবহার করেছি, তাতে আমি অখুশি। ইংল্যান্ড আমার চেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে।’ক্লার্কের সঙ্গে এখানে একমত প্রতিপক্ষ অধিনায়কও। ডিআরএস খেলারই একটি অংশ, এই বাস্তবতা মেনেই এগিয়ে যেতে চান কুক, ‘আমার মনে হয় এটা ন্যায্যই, কারণ ডিআরএস ব্যবহারটাও দক্ষতার ব্যাপার এবং এখানে খানিকটা মানবিক ব্যাপারও সম্পৃক্ত। ট্যাকটিক্যালি আমরা খেয়াল করে দেখেছি, অতীতে ডিআরএস আমরা ভালোভাবে ব্যবহার করতে পারিনি। এই ম্যাচে আগের চেয়ে ভালো করেছি। অধিনায়ককে এখানে সতর্ক থাকতে হয়। কারণ বোলাররা উত্তেজনার তুঙ্গে থাকে, ওরা সব সময়ই ভাবে “আউট”। ডিআরএস নিয়ে অবশ্যই কোনো সমস্যা নেই। শেষ উইকেটটা যদি আউট না দেওয়া হতো আর আমরা হেরে যেতাম, খেলাটার জন্য সেটা বাজে ব্যাপার হতো।’ডিআরএস যখন আলোচনার কেন্দ্রে থাকে, সেটা স্পষ্ট করে তোলে বাজে আম্পায়ারিংয়ের ব্যাপারটিও। ট্রেন্ট ব্রিজ টেস্টটা যেমন মোটেও ভালো কাটেনি গত বছরের আগে টানা তিনবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার আলিম দারের। আম্পায়ারদেরও ফর্মের ব্যাপার থাকে, দারের ফর্ম বছর খানেক ধরেই বেশ খারাপ। কিন্তু এই সিরিজে বা আগামী অ্যাশেজে তাঁকে যে বাদ দেওয়া হবে, সেই সুযোগও খুব একটা নেই। আইসিসি এলিট প্যানেলের ১২ আম্পায়ারের ৮ জনই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বাকি চারজন—আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস ও টনি হিলকে দিয়েই চালাতে হবে সামনে আরও নয়টি অ্যাশেজ টেস্ট। ভালো আম্পায়ার উঠে না আসার ব্যাপারটিও তাই আলোয় এসেছে ডিআরএস-বিতর্কে। এএফপি ও রয়টার্স।