রিয়াল-অধ্যায়েও বিতর্কের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসিয়াস ও মরিনহো ষ ফাইল ছবি
ক্যাসিয়াস ও মরিনহো ষ ফাইল ছবি

ইংলিশ সংবাদমাধ্যমকে জয় করে নিয়েছিলেন শুরুতেই। সগর্বে ঘোষণা করেছিলেন, ‘আমি স্পেশাল ওয়ান।’ স্প্যানিশ সংবাদমাধ্যমকে সেটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন দেখেননি। তবে মাঠেই নানাভাবে মরিনহো প্রমাণ করেছেন, তিনি আর সবার চেয়ে আলাদা। সাফল্য আর বিতর্ক দুটিই যেন তাঁর ছায়াসঙ্গী। বিতর্ককে কখনোই পরোয়া না-করা এই পর্তুগিজ কোচ রিয়ালে তিন বছরেও বেশ কিছু বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন। রিয়ালে মরিনহো-অধ্যায়কে যতটা না তাঁর সাফল্যের জন্য, তার চেয়েও বেশি স্মরণ করা হবে সম্ভবত এই সব বিতর্কের কারণেই—

হলুদ-কৌশল

হলুদ সাংবাদিকতা জিনিসটা ভালো নয়। হলুদ-কৌশলও কি ভালো? ২০১০ সালের নভেম্বরে আয়াক্সের বিপক্ষে ম্যাচে এমনি এক কৌশল খাটিয়েছিলেন মরিনহো। সার্জিও রামোস ও জাবি আলোনসোকে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখার নির্দেশ দিয়েছিলেন কোচ। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটা অর্থহীন হয়ে গিয়েছিল রিয়ালের জন্য। আয়াক্সের বিপক্ষে হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা হয়ে যেত সেই অর্থহীন ম্যাচেই। নকআউট পর্বে বাইরে বসে থাকার ঝুঁকি আর থাকত না। কিন্তু মরিনহোর এই কৌশল গোপন থাকেনি। এমন অনৈতিক কৌশল খাটানোয় উয়েফা তাঁকে এক ম্যাচ নিষিদ্ধ করে। রামোস-আলোনসোকে দেওয়া হয় বাড়তি আরেক ম্যাচের নিষেধাজ্ঞা।

ইউনি-‘আনসেফ’

২০১১ সালের মে মাসে ইউনিসেফ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করে বসেন মরিনহো। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে মরিনহো পক্ষপাতের অভিযোগ আনেন। ৬১ মিনিটে পেপের দেখা লাল কার্ডটির সূত্র ধরে বলেন, বার্সেলোনা তাদের জার্সিতে ইউনিসেফের লোগো ব্যবহার করে বলেই হয়তো উয়েফা সব সময় বার্সাকে জিতিয়ে দিতে চায়! চেলসি ও ইন্টার মিলানের কোচ থাকার সময়েও বার্সার বিপক্ষে এভাবে তাঁর খেলোয়াড়েরা লাল কার্ড দেখেছিলেন। মরিনহো মন্তব্য করেন, ‘আমাদের যে কৌশল, তাতে হেরে যাওয়ার কথা নয়। তার পরও কেন হারলাম? হয়তো এ কারণে, ইউনিসেফের প্রচারণা করায় তারা সহানুভূতি পায়, হয়তো উয়েফায় থাকা ভিয়ার (স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান অ্যাঙ্গেল মারিয়া) তাদের সহানুভূতি এনে দেন, কিংবা হয়তো অসাধারণ একটা ফুটবল দল হওয়ায় এভাবেই তারা অভিনন্দন পায়।’

মৌয়ের খোঁচা

মৌমাছির হুল কী জিনিস, টিটো ভিলানোভা হয়তো জানেন না। তবে মৌয়ের খোঁচা ঠিকই খেয়েছেন। আগের মৌসুমের এল ক্লাসিকোর উত্তেজনা টাটকা থাকতেই ২০১১-১২ মৌসুমের উদ্বোধক ম্যাচ স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয় দুই দল। ন্যু ক্যাম্পের ফিরতি লেগে বার্সা শেষ মুহূর্তের গোলে জয়ের পথে হাঁটছিল। এ সময় ডাগ আউটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ফাঁকে মুখে দুষ্টুমির হাসি এঁকে মরিনহো বার্সার তখনকার সহকারী কোচ ভিলানোভার চোখে আঙুল দিয়ে খোঁচা মারেন। বিস্ময়ের ব্যাপার হলো, এই ঘটনার জন্য মরিনহোকে কোনো শাস্তি পেতে হয়নি। তার চেয়েও বিস্ময়ের ব্যাপার, মরিনহো দাবি করে বসেন, ভিলানোভাকে তিনি চেনেনই না। পরে অবশ্য ভিলানোভার ক্যানসার ধরা পড়লে মরিনহো শুভকামনা জানিয়ে বার্তা পাঠান।

মৌচাকে ঢিল

মরিনহো আসলে সত্যিকারের মৌচাকে ঢিলটা ছোড়েন ইকার ক্যাসিয়াসকে দল থেকে বাদ দিয়ে। এ সময়ের অন্যতম সেরা গোলরক্ষকই শুধু নন, ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদ ও সর্বজয়ী স্পেনের অধিনায়কও। প্রায় রিয়ালের সমার্থক হয়ে ওঠা সেই ক্যাসিয়াসকে বাদ দিয়ে দেন মরিনহো। ১০ বছরের মধ্যে প্রথম বাদ পড়ার অভিজ্ঞতা হয় ক্যাসিয়াসের। এই ঘটনায় রিয়ালের সীমানা ছাড়িয়ে পুরো স্পেনেই বিতর্কের ঝড় ওঠে। মরিনহোর জন্য সমাধান হয়ে আসে ক্যাসিয়াসের হাতের চোট। তিন মাসের জন্য ছিটকে পড়া ক্যাসিয়াসের জায়গায় নিয়ে আসা হয় ডিয়েগো লোপেজকে। কিন্তু ক্যাসিয়াস ফিট হয়ে উঠলেও একাদশে জায়গা পাননি। উল্টো গোলরক্ষক হিসেবে লোপেজকে কেন তাঁর বেশি পছন্দ, সবিস্তারে সেই ব্যাখ্যা দেন। ক্যাসিয়াস-প্রশ্নেই রিয়ালের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাঁর বিভেদ চরমে ওঠে। এএফপি।