রিয়াল ছাড়ছেন রাউল
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৮ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন রাউল গঞ্জালেস। গুঞ্জন নয়, রাউলের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল নিজেই। খবর ফিফা ডটকম।রিয়ালের হয়ে প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছেন রাউল। ক্লাবের ইতিহাসে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েছেন। সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্বও তাঁর। ৭৪০ ম্যাচ খেলে করেছেন ৩২৩ গোল! তবে নতুন কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় তিনি না থাকায় বাধ্য হয়ে রিয়াল অধ্যায়ে ইতি টানলেন রাউল।১৯৯২ সালে রিয়ালে নাম লেখান রাউল। ২০০৮ সালে ক্লাবের সঙ্গে আজীবনের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। কিন্তু দুই বছর যেতে না-যেতেই বিদায় নিলেন রিয়ালের এই অধিনায়ক। স্পেন জাতীয় দলের স্ট্রাইকার রাউল এবার যোগ দিচ্ছেন জার্মান ক্লাব শালকেতে। ৩৩ বছর বয়সী রাউলকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত শালকের ম্যানেজার ফেলিক্স ম্যাগাথ গতকাল রোববার ফিফা ডটকমকে বলেন, ‘জার্মান ক্লাবে আলো হয়ে জ্বলবে রাউল। সে অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার। আমাদেরকে অনেক কিছু দেওয়ার আছে এই ফুটবলারের।’