রিয়াল ছাড়তে চান কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালে ভালো নেই কাকা। ক্লাব ছেড়ে যেতে চান অন্য কোথাও ফাইল ছবি
রিয়ালে ভালো নেই কাকা। ক্লাব ছেড়ে যেতে চান অন্য কোথাও ফাইল ছবি

এবার আর গুঞ্জন নয়। সত্যিই রিয়াল মাদ্রিদ ছাড়তে চান কাকা। ব্রাজিলীয় ফরোয়ার্ড গতকাল বৃহস্পতিবার স্বীকার করেছেন, নিজের ইচ্ছার কথাটা ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি।

২০০৯ সালে ৬৫ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। মেসুত ওজিল রিয়ালে যোগ দেওয়ার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে। নতুন কোচ কার্লো আনচেলত্তিরও সুনজরে নেই তিনি। এ মুহূর্তে কাকার চেয়ে রিয়ালে বেশি গুরুত্ব পাচ্ছেন জার্মানির ওজিল ও স্পেনের ইসকো। ২ সেপ্টেম্বর দলবদলের শেষ সময়। কাকার আশা, এ সময়ের মধ্যেই তাঁর সমস্যা সমাধানে সহায়তা করবে রিয়াল।

গতকাল প্রীতি ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়াকে ৪-০ গোলে হারায় রিয়াল। ওই ম্যাচে দুটি গোল করেন কাকা। ম্যাচের শেষে রিয়ালে ‘কষ্টে’ থাকার কথাটা লুকিয়ে রাখেননি ৩১ বছর বয়সী এই ফুটবলার, ‘ক্লাব জানে, আমি চলে যেতে চাই।  আশা করছি, আমাকে একটা সমাধান খুঁজে পেতে ক্লাব সহায়তা করবে। এখানে সবকিছু আমার জন্য কঠিন হয়ে গেছে। দলে কোনো সময়ই জায়গা পাচ্ছি না। প্রতিদিনই দলের সঙ্গে অনুশীলন করছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি ভালো আছি।’

এই মুহূর্তে বিশ্বের দামি খেলোয়াড়দের অন্যতম কাকা। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রতি মৌসুমে তাঁর আয় এক কোটি ইউরোর বেশি। আর এই বিপুল অঙ্কের আর্থিক ব্যাপারটি তাঁর ক্লাব ছাড়ার পথ জটিল করে তুলতে পারে।

রিয়াল থেকে বিদায় নেওয়ার পর কোথায় যাবেন, এটা অনিশ্চিত। তবে ব্রাজিলে যে ফেরা হচ্ছে না, তা-ও নিশ্চিত করেছেন কাকা, ‘আমি ব্রাজিলে যেতে পারব না। সেখানে দলবদলের বাজার বন্ধ হয়ে গেছে। ইউরোপের কোনো ক্লাবে যেতে হবে। ভবিষ্যত্ ক্লাব নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন বলার মতো অবস্থাতেও আমি নেই।’

গত বছর খবর বেরোয়, পুরোনো ক্লাব এসি মিলানে ফিরছেন ফর্মহীনতা আর ফিটনেস সমস্যায় থাকা কাকা। রিয়াল তাঁকে বিক্রি করতে আগ্রহী ছিল। তাঁকে নিতে আগ্রহী ছিল পুরোনো ক্লাব মিলানও। কিন্তু কাকার মিলানে ফেরা হয়নি। মিলানের পক্ষ থেকে প্রথমে বলা হয়, কাকার আয়কর জটিলতার কারণে তাঁকে নেওয়া সম্ভব নয়। পরবর্তী সময়ে কর্তৃপক্ষ জানায়, বয়সের কারণে কাকাকে নিতে আগ্রহী নয় মিলান।

এসি মিলানে ফেরার গুঞ্জন শেষ হওয়ার পর খবর বেরোয়, নিজ দেশ ব্রাজিলে ফিরে যেতে পারেন কাকা। এটাও শোনা যায়, ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিতে পারেন রিয়াল মিডফিল্ডার। তবে সব গুঞ্জন অস্বীকার করে গত মে মাসে কাকা জানান, কোথাও যাচ্ছেন না তিনি। রিয়ালে বেশ ভালো আছেন। আরও অন্তত দুই বছর মাদ্রিদে থাকতে চান তিনি। সম্ভব হলে থাকবেন আরও বেশি সময়। সেই কাকার মনোভাব পাল্টে গেল মাত্র কয়েক মাসের ব্যবধানেই! সূত্র: রয়টার্স।