রিয়াল ছাড়বেন ক্যাসিয়াস!
ইকার ক্যাসিয়াস ছাড়া রিয়াল মাদ্রিদ কিংবা স্পেন একটা সময় অকল্পনীয় ছিল। কিন্তু এখন যে এটাই প্রায় সত্যি। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই অনিয়মিত স্প্যানিশ অধিনায়ক। গোলবারের নিচে নিজের জায়গা হারানো ক্যাসিয়াস এতটাই হতাশ যে নিয়মিত খেলার জন্য নাকি রিয়াল ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছেন!
ক্লাব ফুটবলে নিয়মিত না খেলায় নড়বড়ে হয়ে গিয়েছে জাতীয় দলে জায়গাটাও। যদিও বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়ার বিপক্ষে স্পেনের সর্বশেষ ম্যাচে ক্যাসিয়াসই গোলবার সামলেছেন, কিন্তু বেলারুশের বিপক্ষে এর আগের ম্যাচেই জায়গাটা ছিল ভিক্টর ভালদেসের। ক্লাব ফুটবলে নিয়মিত পারফর্ম না করতে পারলে কোচ ভিসেন্তে দেল বস্ক নিশ্চয়ই তাঁকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দলে রাখার ঝুঁকি নেবেন না। এ সত্যটা জানেন ক্যাসিয়াস নিজেও। আর এ কারণেই একাদশে জায়গা ফিরে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ অধিনায়ক, ‘এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, লড়াই করে জায়গা ফিরে পাওয়া এবং প্রতি ম্যাচে খেলা।’
আর যদি এত চেষ্টার পরেও সেটা সম্ভব না হয়? ক্যাসিয়াস বিকল্প ভেবে রেখেছেন সেটারও, ‘যদি তিন মাসের মধ্যে এই পরিস্থিতিটা না বদলায়, আমি ক্লাব ছাড়ার কথা ভাবব।’ এএফপি।