রিয়াল জয়ী ২-১ গোলে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শুরুর আগে ওল্ডট্র্যাফোর্ডের দর্শকেরা প্রাণঢালা অভিনন্দন জানিয়েছিলেন এককালের ঘরের ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ২০০৯ সালে মাদ্রিদে চলে যাওয়ার পর কালই যে পুরোনো গৃহে ঢুঁ মেরেছিলেন ‘সিআর-৭’; কিন্তু শেষ পর্যন্ত সেই অতীতের ঘরের ছেলেই বুক ভেঙে দিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের। পুরো খেলায় মোটামুটি নিষ্প্রভ থাকলেও ‘ঠিক সময়ে ঠিক কাজটি করে’ দল রিয়ালকে তুলে দিলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের।রোনালদোর পাশাপাশি গোল করেছেন লুকা মডরিচ। তাঁর আগে সার্জিও র্যামোসের আত্মঘাতী গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। দারুণ উত্তেজনাপূর্ণ ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২-১। হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৩-২ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো রিয়ালের। বার্নাব্যুর ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে।পৃথিবীর অন্যতম দুই সেরা ক্লাবের এই আগুন-লড়াই ফুটবলপ্রেমীদের তাতিয়ে রেখেছিল যারপরনাই। তেতে ছিলেন অনেক সাবেক বিশ্ব তারকাও। কানায় কানায় পরিপূর্ণ ওল্ডট্র্যাফোর্ডের ময়দানও যেন উত্তাপ গায়ে মেখে কাল উপহার দিয়েছে বিতর্কভরা এক ম্যাচ। আগুন-ম্যাচে যা যা হওয়ার কথা, কাল সবকিছুরই উপস্থিতি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে। সেই আগুনে ম্যাচ শেষে জ্বলে-পুড়ে ছারখার স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডই। খেলার শুরুর দিকটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডেরই। বেশ কিছু সুযোগ তারা তৈরি করেছিল প্রথমার্ধে। ক্রিস্টিয়ানো রোনালদো নিষ্প্রভ থাকায় রিয়ালের আক্রমণগুলো ঠিক দানা বাঁধ ছিল না এই অর্ধে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৮ মিনিটে কিন্তু এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। সার্জিও র্যামোসের আত্মঘাতী গোল বড় ধরনের ধাক্কা দিয়েছিল লস ব্ল্যাঙ্কোসদের। কিন্তু ৬৬ মিনিটে মডরিচ প্রায় ২৫ গজ দূর থেকে দারুণ এক গোলে রিয়ালকে ম্যাচে ফেরান। ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে অবিস্মরণীয় এক জয় এনে দেন ম্যাচের প্রায় গোটা সময় নিষ্প্রভ থাকা রোনালদো। ৬৯ মিনিটে তাঁরই এক বুদ্ধিদীপ্ত গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে ছিটকে দেয় চ্যাম্পিয়নস লিগ থেকে।ম্যাচে শ্রেয়তর দল ছিল ম্যানচেস্টার ইউনাইটেডই। খেলার ধারা অনুযায়ী জেতার কথা ছিল তাদেরই। কিন্তু এক গোলে এগিয়ে থাকার সময় দলের পর্তুগিজ উইঙ্গার নানির লালকার্ড সবকিছু এলোমেলো করে দেয়। ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই যেতে হয় স্যার আলেক্স ফার্গুসনের শিষ্যদের। খেলার ২১ মিনিটের সময় ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে এক হাজারতম ম্যাচ খেলতে নামা রায়ান গিগসের একটি কর্নার থেকে অধিনায়ক ভিদিচের হেড রিয়ালের পোস্টে লেগে প্রতিহত হয়।৩৪ মিনিটের সময় রবিন ফন পার্সির দুরূহ কোণ থেকে নেওয়া একটি শট প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক লোপেজ। পরক্ষণেই ওয়েলবেকের ফিরতি শট তাঁর কাঁধে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।৪৮ মিনিটে সার্জিও র্যামোসের আশীর্বাদে গোল পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। র্যামোসের আত্মঘাতীর জন্য দায়ী ছিল অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের একটি সংঘবদ্ধ আক্রমণ। প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি আক্রমণ থেকে দুটি শট প্রতিহত হয়। ফিরতি বল পেয়ে নানি তা ঠেলেন ওয়েলবেকের দিকে। ওয়েলবেক দারুণ ক্যারিশমায় বল গোলে ঠেললে তা র্যামোসের পায়ে লেগে গতি পায়।ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ৫৬ মিনিট। নানিকে এই সময়ই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করেন তুরস্কের রেফারি। একটি বল দখলের লড়াইয়ে আলভেরো আরবেলোয়ার বুকের কাছাকাছি পা তোলেন নানি। টেলিভিশন রিপ্লেতে অবশ্য মনে হয়েছে নানির প্রতি একটু অন্যায় আচরণই করে ফেলেছেন রেফারি। লালকার্ডটি অবশ্য প্রতিবাদহীন ছিল না। ঠান্ডা মাথার কোচ ফার্গুসন থেকে শুরু করে খেলোয়াড়েরা প্রায় সবাই ফুঁসে ওঠেন। রিয়াল কোচ হোসে মরিনহো এ সময় কৌশল বদলান। নানির লালকার্ডের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাটতির সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে আরবেলোয়ার পরিবর্তে মাঠে নামান ক্রোয়াট প্লে-মেকার লুকা মডরিচকে। মডরিচকে মাঠে নামানোর পুরস্কারটি হাতেনাতেই পেয়ে যান মরিনহো। ম্যাচের ৬৬ মিনিটের সময় ম্যানচেস্টার ইউনাইটেডের গোলমুখের প্রায় ৩০ গজ সামনে বল ধরে দারুণ গতিতে টম ক্লেভারলিকে পেছনে ফেলে বিদ্যুত্গতির শট নেন মডরিচ। মডরিচের সেই শট ফেরাতে পারেননি গোলরক্ষক ডেভিড। সমতায় ফেরার তিন মিনিটের মাথায় ওল্ডট্র্যাফোর্ডের দর্শকদের বুকে ছুরি বিঁধিয়ে দেন তাঁদেরই এক সময়ের হিরো ক্রিস্টিয়ানো রোনালদো। গঞ্জালো হিগুইয়েনের নিখুঁত এক ক্রসে আরও নিখুঁতভাবে গোলে পরিণত করেন রোনালদো। রোনালদোর এই গোল রিয়ালকে তুলে দেয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। বিদায় জানিয়ে দেয় ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডকে। রয়টার্স।