রিয়াল মাদ্রিদের কষ্টের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসুত ওজিলের জোড়া গোলের সুবাদে স্প্যানিশ লিগের শেষ ম্যাচে রিয়াল ভিলাদোলিদের বিপক্ষে ৩-২ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে মরিনহোর শিষ্যরা। লিগের ১৫ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গতকাল শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ৭ মিনিটে রিয়াল ভিলাদোলিদকে এগিয়ে দেন মানুচো। চার মিনিট পর গোল শোধ করে খেলায় সমতা ফেরান রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ২২ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় রিয়াল ভিলাদোলিদ। এবারও মাদ্রিদের জালে বল জড়িয়ে দেন অ্যাঙ্গোলার স্ট্রাইকার মানুচো। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আবার খেলায় সমতা আনে রিয়াল। ৪৫ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসুত ওজিল। ২-২ ব্যবধানে সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করার পর বেশ খানিকটা সময় গোলশূন্য কাটাতে হয়েছে দুই দলকেই। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের জয়ের আনন্দে ভাসান জার্মান মিডফিল্ডার ওজিল। ম্যাচ শেষে ওজিলের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ এইটোর কারানকা। তিনি বলেছেন, ‘আমরা ওজিলকে এভাবেই চিনি। আর তাঁর কাছ থেকে এই খেলাটাই আমরা দেখতে চাই। প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমাদের দলের আছে। এই কাজটা আমাদের আজ দুবার করতে হয়েছে। এটাই এই ম্যাচের সবচেয়ে স্মরণীয় ব্যাপার।’গতকাল লা লিগার অপর ম্যাচে ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। রয়টার্স