রিয়াল-রোনালদো দ্বন্দ্ব?

গত বছর হঠাৎ করেই বোমা ফাটিয়ে দিয়েছিলেন এই বলে, রিয়ালে তিনি সুখী নন। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা অনেক হয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের পারফরম্যান্স দিয়ে সেসব বিতর্ক পেছনে ফেলে এসেছিলেন। সাফল্যহীন একটা মৌসুম যাওয়ার পর শোনা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন শিগগিরই। যদিও রিয়ালের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ ২০১৫ সাল পর্যন্ত। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য বরাবরই দাবি করে আসছেন রোনালদো রিয়াল ছাড়বেন না, রিয়ালে থেকেই অবসরে যাবেন। গত সপ্তাহে শোনা গেল, রিয়ালে চুক্তি নবায়নই করতে যাচ্ছেন পর্তুগিজ তারকা। কিন্তু খবরটা বাসি হতে না-হতেই রোনালদো নিজেই টুইটারে খবরটা অস্বীকার করলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার চুক্তি নবায়ন নিয়ে যে খবর বেরিয়েছে তা মিথ্যা।’ ওয়েবসাইট।
তাঁকে পেতে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে বসে আছে পিএসজি, মোনাকো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি নাইকি ও শেভ্রলের পৃষ্ঠপোষকতায় রোনালদোকে ফিরিয়ে নিতে চাইছে। এ রকম পরিস্থিতিতে রোনালদোর এই টুইট প্রশ্ন তুলে দিল আবার। তবে কি বার্নাব্যুতে আবার অসুখী বিশ্ব ফুটবলের এই মহাতারকা?