রিয়ালই শিরোপা দিল বার্সাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর বার্সেলোনাকে আবার স্পেন চ্যাম্পিয়নের মুকুট এনে দিল বার্সেলোনারই একটি দল। কাল রাতে এফসি বার্সা মাঠে নামার আগেই মাদ্রিদ থেকে, রাজধানীর দুর্গ থেকে কাতালান জনগণের কাছে রাজত্ব ফিরিয়ে আনল আসলে এসপানিওল। এস্তাদি করনেল্লা-এল প্রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ১-১ ড্র নিশ্চিত করে দিল পাঁচ বছরের মধ্যে বার্সার চতুর্থ লিগ শিরোপা। রিয়াল জিতলেও বার্সার শিরোপার স্বাদ ফিরে পাওয়া অন্তত ২৪ ঘণ্টা পিছিয়ে দিতে পারত। কিন্তু আগামী শুক্রবার কোপা ডেল রের ফাইনালে এক চোখ রেখে খেলতে নামা রিয়ালকে শেষ পর্যন্ত রুখে দিল এসপানিওল। কিংবা বলা ভালো, রিয়ালই ভাগ্যক্রমে ড্র করল। আর তাতেই ২২তম লিগ শিরোপা জেতা হয়ে গেল বার্সার।

নিজের প্রথম মৌসুমেই লিগ ট্রফিটা হাতে তুলতে পারছেন টিটো ভিলানোভা। এর জন্য বিশেষ ধন্যবাদ পাওনা এসপানিওলের উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্তুয়ানির। ২৩ মিনিটে তাঁর গোলেই এগিয়ে গিয়েছিল এসপানিওল। সেই গোল ৫৮ মিনিটে শোধ করেছেন গঞ্জালো হিগুয়েইন। হেক্টর মরেনোর গোলটা ভুল সিদ্ধান্তে বাতিল না হলে প্রাপ্য জয় নিয়েই মাঠ ছাড়তে পারত এসপানিওল। তবে লিগের সর্বশেষ ১৩ ম্যাচের ১২টিতেই জেতা রিয়ালের কাছ থেকে একটা পয়েন্ট পাওয়াও এসপানিওলের জন্য অনেক বড় ব্যাপার। রিয়ালের জন্য ড্রয়ের চেয়েও এই ম্যাচ বরং দুঃসংবাদ বয়ে এনেছে রাফায়েল ভারানের চোট। কাপের ফাইনালে হয়তো রিয়াল না-ও পেতে পারে ফরাসি ডিফেন্ডারকে। এএফপি, রয়টার্স।

আগের ম্যাচটা ৬-২ গোলে জেতার পর ড্র করা হয়তো রিয়ালের অনেকেই মানতে পারবেন না। যদিও কাপ ফাইনালের কারণে নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে দিয়েছিলেন হোসে মরিনহো। আর লিগের লড়াই থেকে তারা তো আত্মসমর্পণ করেছে আগেই। আনুষ্ঠানিকতাটাই যেন বাকি ছিল। সেটা সম্পন্ন হয়ে যাওয়ায় এবার শুরু হলো অভিনন্দনের পালা। মরিনহো নিজে অভিনন্দিত করেছেন বার্সাকে, ‘প্রথমে আমি বার্সেলোনা, তাদের কোচিং স্টাফ, খেলোয়াড়, পরিচালকেরা এবং সমর্থকদের অভিনন্দন জানাই। তারা লিগ জিতে গেছে, সেটা এই ম্যাচের আগ পর্যন্ত আমাদেরই ছিল। তবে এখন তাদের অভিনন্দন অন্তত জানানোই যায়।’

বার্সাকে অভিনন্দন জানানোর পাশাপাশি জাবি আলোনসোর কণ্ঠে ঝরেছে লিগে রিয়ালের বাজে শুরুর আক্ষেপও, ‘ওদের অভিনন্দন জানানো ছাড়া করার কিছু নেই। লিগ এমন একটা টুর্নামেন্ট যেখানে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শুরুটা হয়েছিল খুবই বাজে। সেই বাজে শুরুটা আমাদের আর শেষ পর্যন্ত লড়াইয়ে ফিরতে দেয়নি। এখন রিয়ালের লক্ষ্য হলো কাপ জেতা।’ লিগে প্রথম সাত ম্যাচের ২১ পয়েন্ট থেকে রিয়াল পেয়েছিল ১১। এই ব্যবধানটাই বার্সার কাছে শিরোপা ফিরিয়ে দিতে বাধ্য করল তাদের।

চ্যাম্পিয়নস লিগ থেকে অসহায়ভাবে বিদায় নেওয়ার পর বার্সা শিবিরে স্বস্তি ফিরে এল লিগ জয়ে। কাল অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে বার্সেলোনা।