রিয়ালে আরও পাঁচ বছর রোনালদো

এক বছর আগে রিয়াল মাদ্রিদে ‘অসুখী’ বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন। সেই ক্রিস্টিয়ানো রোনালদো এখন দারুণ সুখী। কাল রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সই করেছেন পর্তুগিজ তারকা।গাঢ় নীল স্যুট, সাদা শার্ট, নীল টাই—কাল সংবাদ সম্মেলনে এলেন কেতাদুরস্ত রোনালদো। নতুন চুক্তির পর উচ্ছ্বাসটা ঝরে পড়ল তাঁর কথাবার্তাতেই, ‘এই ক্লাবের হয়ে খেলে যেতে পারাটা দারুণ সম্মানের। প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে আমার। দিনটা আমার জন্য স্পেশাল। আমি সবকিছুর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ দিতে চাই সমর্থকদের, যারা আমার পাশে আছেন।’পুরোনো ক্লাব ম্যানচেস্টারে ইউনাইটেডে ফিরে যেতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনটা একেবারেই শেষ করে দিলেন রোনালদো, ‘আমাকে সত্যিটা বলতে হবে। ম্যানচেস্টারে আমি ছয় বছর কাটিয়েছি। সেখানে এমন কিছু পেয়েছি যা আমি সারা জীবন মনে রাখব। কিন্তু ইউনাইটেড এখন অতীত। হয়তো আমি এখানে (রিয়ালে) থেকেই ক্যারিয়ার শেষ করব। এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। আমি দারুণ সুখী।’ মাদ্রিদের সঙ্গে বন্ধনটা কতটা দৃঢ় হয়েছে সেটাও জানালেন, ‘এটাই এখন আমার ঠিকানা। আমার পরিবার এখানে, আমি ভালোই আছি।’ স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী এই চুক্তির পর রোনালদোই বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড় হবেন। গোল ডট কম অঙ্কটাও জানিয়ে দিয়েছে, বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউরোর কাছাকাছি। তবে স্প্যানিশ দৈনিক এল পাইস-এর দাবি, অঙ্কটা ২ কোটি ইউরো! রিয়াল মাদ্রিদ অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। রোনালদোর দিকে অনিবার্যভাবেই ছুটে গিয়েছিল প্রশ্নটা। কিন্তু প্রশ্নটা তিনি এড়িয়ে গেছেন, ‘আমি বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী কি না সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি মিথ্যা বলব না, টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি নয়। এই মুহূর্তে শিরোপা জয়ই আমার কাছে অগ্রাধিকার পাচ্ছে।’ এএফপি, রয়টার্স।