রিয়ালে এক বিস্ময়বালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিনাদাথের হৃদয়জুড়ে এখন রিয়াল
পিনাদাথের হৃদয়জুড়ে এখন রিয়াল

নেইমারকে নেওয়ার চ্যালেঞ্জে রিয়াল মাদ্রিদ পারেনি। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে কিনে নেয় বার্সেলোনা। এবার যেন প্রতিশোধটা নিয়ে নিল রিয়াল। নেইমারের মতো তারকা না হোক, স্প্যানিশ চ্যাম্পিয়নদের টপকে এক বিস্ময়বালককে নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।
ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ জানায়, সেই বিস্ময়বালকের নাম জোশুয়া পিনাদাথ। জন্ম যুক্তরাষ্ট্রে। বয়স ১১ বছর। ফুটবল-প্রতিভার ঝলক দেখিয়ে স্পেনের দুই শীর্ষ ক্লাব রিয়াল ও বার্সার দৃষ্টি কাড়ে সে। দুটি ক্লাবেই ট্রায়ালে অংশ নেয়। বার্সার বিখ্যাত লা মেসিয়া একাডেমিতে ১৭ দিন কাটানোর পর রিয়ালের প্রস্তাব পায় পিনাদাথ। ফুটবলের নতুন এই বিস্ময়বালক সুযোগটা হাতছাড়া করেনি।
আপাতত এক বছরের জন্য রিয়ালের একাডেমিতে সুযোগ পেয়েছে পিনাদাথ। তার দেশ যুক্তরাষ্ট্রের জন্যও এটা আনন্দের খবর। এর আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে যে কেউই বিখ্যাত এই একাডেমিতে খেলার সুযোগ পায়নি! ছেলের ক্যারিয়ারের কথা ভেবে তার মা-বাবা যুক্তরাষ্ট্র থেকে স্পেনে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিশ্বের সেরা দুই ক্লাবের একাডেমিতে খেলার অভিজ্ঞতা পেয়ে রোমাঞ্চিত পিনাদাথ, ‘দুটি ট্রায়ালই ছিল খুব সিরিয়াস। ছেলেরা কেউ দলে জায়গা পাওয়ার জন্য লড়ছিল, কেউ লড়ছিল জায়গা ধরে রাখার জন্য। সেখানে খেলার গতিটা ছিল বিস্ময়কর।’ রিয়ালের একাডেমিতে সুযোগ পাওয়ার অনুভূতিটাও প্রকাশ করেছে এই মার্কিন বালক, ‘রিয়ালের কর্মকর্তারা যখন খবরটা জানালেন, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম আমি। তাঁরা জানান, এই একাডেমিতে আমার আগে যুক্তরাষ্ট্রের কেউ ডাক পায়নি। তাঁদের বলেছিলাম, ভালো উদাহরণই সৃষ্টি করব আমি।’

খুদে পিনাদাথের পছন্দের ক্লাব রিয়াল। ক্লাবটির পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত সে। এসব তো বটেই, বার্সার বদলে রিয়ালকে বেছে নেওয়ার পেছনে কাজ করেছে তার প্রতি ক্লাবটির প্রবল আগ্রহ। পিনাদাথের কথায়ও তা স্পষ্ট, ‘বার্সেলোনায় সময়টা দারুণ উপভোগ করেছি আমি। কোচরা বলেছেন, আমি খুব ভালো খেলোয়াড়, ট্রায়ালে প্রতিদিনই উন্নতি করছি। রিয়াল একাডেমির কোচরা আমাকে পেয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন। আমিও তাঁদের ছাড়তে চাইনি। আমি জানি, এখানে খেললে প্রতিদিন উন্নতি হবে আমার।’

রিয়ালের সেই বিস্ময়বালকের প্রতিভার কিছু ঝলক দেখুন: