রিয়ালে যাবেন হেইঙ্কেস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শনিবার স্টুটগার্টের বিপক্ষে কাপের ফাইনালটিই বায়ার্নের কোচ হিসেবে ইয়ুপ হেইঙ্কেসের শেষ ম্যাচ। এরপর বায়ার্নের দায়িত্ব সঁপে যাবেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার হাতে। কিন্তু বায়ার্নকে আলোয় ভাসিয়ে কোথায় যাবেন হেইঙ্কেস? যেখানেই যান, বুন্দেসলিগার কোনো ক্লাবে নয়—জানিয়ে দিয়েছেন আগেই। হেইঙ্কেস অবসর নিচ্ছেন, ছড়িয়েছে এমন গুঞ্জনও। কিন্তু এবার জানা গেল বায়ার্নের ৬৮ বছর বয়সী কোচের অন্য রকম একটা ইচ্ছার কথাও। রিয়াল মাদ্রিদ চাইলে বার্নাব্যুতে ফিরে যেতে প্রস্তুত তিনি। তাঁর এজেন্টই বলছেন, রিয়াল প্রস্তাব করলে সেটা হয়তো গ্রহণ করবেন হেইঙ্কেস।

কিন্তু রিয়াল কি প্রস্তাব দেবে? মৌসুম শেষে চলে যাচ্ছেন হোসে মরিনহো। রিয়াল ঝুঁকে পড়েছে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির দিকে। হেইঙ্কেসের এজেন্ট এনরিক রিয়েস বলেছেন, তাঁর মক্কেলকে আনা হবে, নাকি আনচেলত্তিকে পাওয়ার লড়াই চালিয়ে যাবে, সেই সিদ্ধান্ত নিতে হবে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেই। ‘সিদ্ধান্তটা ফ্লোরেন্তিনো পেরেজের। যদি ফ্লোরেন্তিনো আমাদের ডাকে, আমরা হয়তো প্রস্তাবটি গ্রহণ করব’—স্প্যানিশ এক রেডিওকে বলেছেন রিয়েস। ১৯৯৮ সালে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন হেইঙ্কেস, কোচ ছিলেন অ্যাথলেটিক বিলবাও ও টেনেরিফের। জার্মান এই কোচ স্প্যানিশ বলতে পারেন স্বচ্ছন্দে। রয়টার্স, এএফপি।