রিয়ালে যুক্ত হচ্ছেন জিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাবেক ফরাসি তারকা জিনেদিন জিদান। খুব দ্রুতই তিনি তাঁর সাবেক ক্লাবের ক্রীড়াপরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।পেরেজ জানান, জিনেদিন জিদান আসন্ন মৌসুমে ক্লাবের দলবদলের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। হোসে মরিনহো চলে যাওয়ার পর তাঁর উত্তরসূরি কে হবেন, এ ব্যাপারে কিছু বলতে অবশ্য অপারগতা জানান পেরেজ।জিদানের জন্য এই দায়িত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগেও তিনি রিয়াল মাদ্রিদে ক্রীড়াপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে, ২০১২ সালের দিকে ফুটবল কোচ হিসেবে কিছু মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য সান্তিয়াগো বার্নাব্যু ত্যাগ করেন ।জিদান নতুন করে ক্রীড়াপরিচালক হিসেবে যোগ দিলে মোটামুটি দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব পালন করবেন বলে জানান পেরেজে। জানা গেছে, এই মেয়াদকাল চার বছরের কম হবে না।জিদানের দায়িত্ব সম্পর্কে পেরেজ বলেন, ‘জিদান আগামী মৌসুমে রিয়ালে যোগ দেওয়া খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

আগামী মৌসুমে আর রিয়াল মাদ্রিদের কোচ থাকছেন না হোসে মরিনহো। তাঁর পরিবর্তে নতুন কোন কোচ রিয়ালের দায়িত্ব নেবেন, সে ব্যাপারে কিছু বলতে চাননি পেরেজ। তিনি বলেন, ‘অনেকেই আমাদের মনোযোগের কেন্দ্রে আছে; কিন্তু আসলে কে মরিনহোর উত্তরসূরি হতে যাচ্ছে, সেটা আমি বলতে পারব না।’

কার্লো আনচেলত্তি রিয়ালের কোচ হতে যাচ্ছেন—এমন কথাবার্তার ব্যাপারে সরাসরি কোনো জবাব দেননি পেরেজ। তিনি বলেন, ‘আনচেলত্তি অবশ্যই ভালো কোচ। কিন্তু নতুন কোচের ব্যাপারে আমরা আগামী সপ্তাহে বসে সিদ্ধান্ত নেব।’

বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপের নামও মরিনহোর উত্তরসূরি হিসেবে আসছে। ক্লপকে নিয়ে ফ্লোরেন্তিনো পেরেজের মতামতটা একটু ভিন্ন। তিনি বলেন, ‘আমি ক্লপকে পছন্দ করি। সে দারুণ কোচ। কিন্তু বরুসিয়ার খেলোয়াড়দের সঙ্গে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মৌলিক একটা পার্থক্য বিদ্যমান। বরুসিয়ার খেলোয়াড়েরা একটু কম বয়সী। রিয়ালের খেলোয়াড়দের তুলনায় তারা তো শিশুই।’

হোসে মরিনহোর সঙ্গে প্রায় পুরো মৌসুমই বিরোধ ছিল রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। দ্বন্দ্বের কারণেই কি না, মৌসুমের মাঝামাঝি সময়ে হাত ভেঙে মাঠের বাইরে চলে যাওয়ার পর সুস্থ হয়েও আর মাঠে নামা হয়নি ক্যাসিয়াসের। ব্যাপারটি জানেন ফ্লোরেন্তিনো পেরেজও। তিনি বলেন, ‘এটা মরিনহো ও ক্যাসিয়াসের ব্যাপার। আমার ব্যাপারটি নিয়ে কথা বলা সাজে না। ক্যাসিয়াসের পরিবর্তে খেলা ডিয়েগো লোপেজের পারফরম্যান্স তো যথেষ্ট ভালো ছিল।’

পেরেজ বলেন, ‘আমার মতে, ক্যাসিয়াস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। এর বেশি কিছু আমি বলতে চাই না।’ সূত্র: গোল ডটকম।