রিয়ালে রোনালদোর নতুন চুক্তি?
ভুলে যাওয়ার মতো একটা মৌসুম গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। সাফল্য-খরার সঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব উসকে দিয়েছিল গুজবটা, রোনালদোও কি কোচ হোসে মরিনহোর মতো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন? ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি বা মোনাকোতে তিনি যোগ দিতে পারেন বলে শোনা গিয়েছিল। কিন্তু রোনালদো তো ক্লাব ছাড়ছেনই না, বরং পর্তুগিজ তারকা আত্মবিশ্বাসী, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন।
কিছুদিন আগেই রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, তাঁর আশা রোনালদো বার্নাব্যুতেই ক্যারিয়ারের সমাপ্তি টানবেন। পেরেজের আশাটা যে নেহাত কথার কথা নয়, রোনালদো নিজেই সে রকম আভাস দিলেন, ‘আমি ভালো আছি, শান্তিতে আছি। এসব নিয়ে উদ্বিগ্ন নই। আমি জানি, আমরা একটা চুক্তিতে পৌঁছাতে পারব।’ রিয়ালের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০১৫ সালের জুন পর্যন্ত। রিয়াল অনেক দিন ধরেই ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তিটা নবায়ন করার চেষ্টা চালিয়ে আসছে। এখন মনে হচ্ছে সেটা এখন সময়ের ব্যাপার। রয়টার্স।