রিয়ালেই অবসর নেবেন রোনালদো: পেরেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘড়ি নির্মাতা একটি প্রতিষ্ঠানের হয়ে প্রচারণায় ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গেল এমন কেতাদুরস্ত ভঙ্গিতে। কয়েক দিন আগে মোনাকোতে ষ এএফপি
ঘড়ি নির্মাতা একটি প্রতিষ্ঠানের হয়ে প্রচারণায় ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গেল এমন কেতাদুরস্ত ভঙ্গিতে। কয়েক দিন আগে মোনাকোতে ষ এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে আছেন, রিয়ালেই থাকবেন। সর্বশেষ খবর এটাই। কিন্তু রোনালদো রিয়াল ছেড়ে দিতে আগ্রহী—এমন একটা গুঞ্জনও তো আছে। দলবদলের জানালা এখনো খোলা, সুতরাং সে গুঞ্জন ডালপালা মেলছে প্রতিদিন। যাঁকে নিয়ে এত কথা, তিনি আবার ছুটি কাটাচ্ছেন দেশান্তরে। রোনালদো যে আসলে কোথাও যাচ্ছেন না, সেটা নিশ্চিত করার দায়িত্ব তাই কাঁধে তুলে নিয়েছেন তাঁর সতীর্থ আর ক্লাব কর্মকর্তারা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য সবার চেয়ে একধাপ এগিয়ে। শুধু এই মৌসুমেই থেকে যাওয়ার কথা নয়, তিনি বলছেন, রোনালদো নাকি অবসরের আগ পর্যন্ত রিয়ালেই খেলতে চান!
এখনকার চুক্তি অনুযায়ী, রোনালদোকে সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে হবে ২০১৫ পর্যন্ত। কিন্তু বাজারে গুঞ্জন, পর্তুগিজ তারকা রিয়াল ছেড়ে পাড়ি জমাতে চাইছেন তাঁর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। যুক্তরাষ্ট্রের স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ইউনিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সে গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন পেরেজ, ‘রোনালদো রিয়াল মাদ্রিদ থেকেই অবসর নিতে চায়। রিয়ালও চায় অবসরের আগ পর্যন্ত সে এখানেই খেলুক।’ তবে ছুটিতে থাকায় ফিফার সাবেক বর্ষসেরা ফুটবলারের সঙ্গে যে চুক্তিটা নবায়ন করা যায়নি, সেটা অবশ্য স্বীকার করলেন রিয়াল সভাপতি, ‘চুক্তি নবায়ন নিয়ে এখনো আলোচনা হয়নি, কারণ সে ছুটিতে। কিন্তু রোনালদো যে রিয়ালে থেকেই অবসর নেবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন নিয়েছেন জিদানের মতো আরও বড় ফুটবলাররা।’ রয়টার্স।
শুধু রোনালদোকে ধরে রাখা নয়, নতুন মেয়াদে সভাপতি হওয়ার পর পেরেজ তৎপর রিয়ালে নতুন ফুটবলার এনে দল আরও শক্তিশালী করার ব্যাপারেও। ইতিমধ্যে মালাগার সম্ভাবনাময় স্প্যানিশ ফরোয়ার্ড ইসকো আর বেয়ার লেভারকুসেনের ডিফেন্ডার দানি কারভাহালের সঙ্গে চুক্তি করে নিয়েছে রিয়াল। গুঞ্জন আছে, টটেনহামের উইঙ্গার গ্যারেথ বেলকে নিয়েও। তবে এখনো তাঁর বিষয়ে কোনো পাকা কথাবার্তা হয়নি বলেই জানালেন পেরেজ, ‘ও দারুণ ফুটবলার, আর এমন একটা ক্লাবে খেলে যাদের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাঠাইনি।’