রিয়ালেই থাকতে চান কাকা
ক্লাব ছাড়তে চান না। থাকতে চান রিয়াল মাদ্রিদেই। কথাটা আবারও জানিয়ে দিলেন ব্রাজিলীয় মিডফিল্ডার কাকা।কাকার বরাত দিয়ে আজ শনিবার গোল ডটকমের এক খবরে বলা হয়, এই মুহূর্তে ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা নেই কাকার। রিয়ালের সঙ্গে আরও অন্তত একটা ভালো মৌসুম কাটাতে চান তিনি।স্প্যানিশ ক্রীড়াদৈনিক ‘মার্কা’কে কাকা বলেন, ‘আরও অন্তত দুই বছর রিয়ালের সঙ্গে থাকতে চাই। সুযোগ পেলে আরও বেশি খেলব। আপাতত এটাই চাই আমি। যদি সেটা সম্ভব না হয়, তখন বিকল্প কিছু ভাবব।’কাকা বলেন, ‘রিয়ালে অন্তত একটা ভালো মৌসুম কাটাতে চাই। এটা আমাদের ব্যক্তিগত চ্যালেঞ্জ। অন্যদের ব্যাপারে জানি না, তবে এখানে আমি হতাশার মধ্যে আছি।’কাকার রিয়াল ছাড়া নিয়ে দীর্ঘ দিন ধরেই গুঞ্জন চলছে। বলা হচ্ছে, নিজ দেশ ব্রাজিলে ফিরে যেতে পারেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইঁতে (পিএসজি) যোগ দিতে পারেন রিয়াল মিডফিল্ডার। বর্তমানে পিএসজির কোচ হিসেবে আছেন কার্লো আনচেলত্তি। এসি মিলানে থাকার সময় আনচেলত্তির অধীনে খেলেছেন কাকা। পিএসজিতে কাকার যোগ দেওয়ার সম্ভাবনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে এটাকে।ব্রাজিলের ফেরার ব্যাপারে গণমাধ্যমের গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দেন কাকা, ‘ব্রাজিলে ফিরতে চাই না। ইউরোপেই থাকতে চাই আমি।’ প্যারিসে যাওয়ার গুঞ্জন প্রসঙ্গে কাকা বলেন, ‘আনচেলত্তির অধীনে ক্যারিয়ারের সেরা বছরগুলো কাটিয়েছি আমি। এখন মরিনহোর অধীনে খেলছি। বর্তমান পরিস্থিতিতে মরিনহো রিয়ালে থাকলে কিছু ফুটবলার রিয়ালে থাকবে কি না, তা বলা কঠিন।’২০০৯ সালে এসি মিলান ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান কাকা। এর পর থেকেই ফর্ম নেই। আছে ফিটনেস সমস্যা। এ অবস্থায় গত বছর পুরোনো ক্লাব মিলানে ফিরে যেতে চেয়েছিলেন তিনি। মিলানও তাঁকে নিতে আগ্রহী ছিল। কিন্তু অর্থনৈতিক কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত মিলান তাঁকে নেয়নি। লা লিগায় এবারের মৌসুমে রিয়ালের হয়ে ১৬টি ম্যাচে মাঠে নেমেছেন কাকা। গোল করেছেন দুটি।