রিয়ালের ওজিল আর্সেনালে

মেঘ না চাইতেই বৃষ্টি! মেসুত ওজিলের ক্ষেত্রে অন্তত এমনটাই হলো। মনে মনে ক্লাব ছাড়তে চেয়েছিলেন জার্মান প্লেমেকার। আকারে-ইঙ্গিতে সেটা বুঝিয়েও দিয়েছিলেন এক সপ্তাহ আগে। সেই চাওয়াটাই শেষ পর্যন্ত সত্যি হলো। আর্সেনালের কাছে তাঁকে বিক্রি করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওজিল স্বীকার করেছেন, খবরটা তাঁর কাছে ‘বড় বিস্ময়’ হয়ে এসেছে।
ওজিলকে কেনার খবরটি গতকাল সোমবার ঘোষণা করেছে আর্সেনাল কর্তৃপক্ষ। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। লন্ডনের ক্লাবটি শুধু জানিয়েছে, আর্সেনালের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে ওজিলকে আনা হয়েছে। জার্মান প্লেমেকারের সঙ্গে চুক্তিটা দীর্ঘমেয়াদের। স্থানীয় গণমাধ্যমের খবর, ২৪ বছর বয়সী ওজিলকে পেতে ৪২.৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে আর্সেনালের।
২০১০ সালে ভ্রেদার ব্রেমেন থেকে ১২.৪ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন ওজিল। বাইরে থেকে মনে হচ্ছিল, মাদ্রিদে সময়টা ভালোই কাটছে তাঁর। তবে এক সপ্তাহ আগে ওজিলের আচরণ থেকে স্পষ্ট হয়, তাঁর ভেতরে জমে আছে অনেক ক্ষোভ। ঘটনাটা গ্রানাডার বিপক্ষে ম্যাচে। সেদিন শুরু থেকেই খেলছিলেন ওজিল। একপর্যায়ে কোচ কার্লো আনচেলত্তি তাঁকে উঠিয়ে নিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সোজা ড্রেসিং রুমের দিকে হাঁটতে থাকেন তিনি। এরপর যান দলের বাস ধরার জন্য। ওই ঘটনার পরই রিয়ালে ওজিলের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়। সেই গুঞ্জনটা যে এত দ্রুত বাস্তবে রূপ নেবে, বোঝার উপায় ছিল না। নিজের ফেসবুক পেজে বিস্ময় প্রকাশ করেছেন ওজিল নিজেও, ‘কয়েক দিন আগে যেটা ভেবেছি, দ্রুতই সেটা ঘটে গেল। সবাইকে ধন্যবাদ। রিয়ালে সময়টা আমার কাছে দারুণ ছিল। রিয়াল ছাড়ছি, তবে রিয়ালের সফলতা কামনা করছি। এখন আমি আমার নতুন ক্লাবের দিকে তাঁকিয়ে: দ্য গানার্স!’ সূত্র: রয়টার্স।