রিয়ালের দুঃস্বপ্নের রাত
বড় দুঃস্বপ্নের এক রাত কাটল রিয়াল মাদ্রিদের। যেখানে লিগে হোসে মরিনহোর দলের পয়েন্ট খোয়ানো মানেই ‘বিপদ’, সেখানে হেরেই বসে আছে ‘লস ব্লাঙ্কোস’রা। রিয়াল মাদ্রিদের এবারের হার মধ্যম সারির দল রিয়াল বেটিসের কাছে।খেলার ১৭ মিনিটে বেটিসকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার বেনাট। শত চেষ্টা করেও ওই গোল আর শোধ করতে পারেনি রিয়াল।এ ম্যাচে হারের ফলে ১৩ ম্যাচে রিয়ালের অর্জন ২৬ পয়েন্ট। অন্যদিকে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার ১২ ম্যাচে অর্জন ৩৪ পয়েন্ট। এখন পর্যন্ত রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে ৮ পয়েন্টে। আজ রোববার রাতে লেভান্তের বিপক্ষে মাঠে নামছেন লিওনেল মেসিরা। এর মানে, আজই রিয়ালের সঙ্গে ব্যবধানটা ১১ পয়েন্টে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্প্যানিশ জায়ান্টদের।দলগতভাবে বার্সার সঙ্গে ব্যবধান বাড়ছে রিয়ালের। একইভাবে বার্সার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ব্যবধান বাড়ছে রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগে এখন পর্যন্ত গোলসংখ্যায় শীর্ষে মেসি (১৭)। বেটিসের বিপক্ষে নিজেকে মেলে ধরতে না পারা রোনালদো ১২ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। তবে লেভান্তের বিপক্ষে আজ রাতে মেসি গোল করতে পারলে রোনালদোর সঙ্গে ব্যবধানটা বাড়বে আরও।বেটিসের কাছে হারের ফলে লিগে বর্তমান চ্যাম্পিয়নদের এবারের অভিযানটা যে কঠিন হয়ে গেল, সেটা স্বীকার করেছেন হোসে মরিনহো। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘স্পেশাল ওয়ান’ বলেন, ‘গত বছরের মার্চে আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম। অথচ লিগ শুরুর পর আমরা বেশ কয়েকটি ম্যাচ ড্র করেছিলাম। কাল (আজ) সম্ভবত ১১ পয়েন্টে পিছিয়ে পড়ব। আমরা আশাবাদী নই, আমার নৈরাশ্যবাদীও নই। তবে বাস্তবতা হলো, এটা কঠিন।’মরিনহোর সুরে সুর মিলিয়ে রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বলেন, ‘ব্যবধান কমাতে গিয়ে উল্টো পিছিয়ে পড়লাম আমরা। এটা আমাদের জন্য বড় ধাক্কা।’ সূত্র: রয়টার্স।