রিয়ালের পেনাল্টি-ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মুহূর্তটা নিয়েই যত বিতর্ক, রোনালদোকে ফেলে দিচ্ছেন মাচেরানো। কিন্তু রেফারি পেনাল্টি দেননি ষ এএফপি
এ মুহূর্তটা নিয়েই যত বিতর্ক, রোনালদোকে ফেলে দিচ্ছেন মাচেরানো। কিন্তু রেফারি পেনাল্টি দেননি ষ এএফপি

কার্লো আনচেলত্তির ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। যেনতেন ম্যাচ তো নয়, এ যে এল ক্লাসিকো! এ রকম ম্যাচে রেফারির ভুলের শিকার কে হতে চায়?
রিয়াল মাদ্রিদ হয়েছে। ৭১ মিনিটে হাভিয়ের মাচেরানো বক্সের মধ্যে যে ফাউলটা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, সেটাতে পেনাল্টি না দেওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু রোনালদোর আবেদনে সাড়া দেননি স্প্যানিশ রেফারি আলবার্তো উদিয়ানো। ম্যাচ শেষে তাই তাঁর ওপর ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ, ‘আমার কাছে তো এটা পরিষ্কার পেনাল্টি মনে হয়েছে। মাঠের সবাই স্পষ্ট দেখেছে, দেখেননি শুধু রেফারি।’ পরে ক্যানাল প্লাস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোচের সঙ্গে সুর মিলিয়েছেন রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসও, ‘কিছু কিছু জিনিসের সঙ্গে তো লড়াই করা যায় না। প্রথমার্ধে ওদের হ্যান্ডবলের জন্য আমরা পেনাল্টি পেতে পারতাম, দ্বিতীয়ার্ধে রোনালদোর ঘটনায় তো নিশ্চিত পেনাল্টি ছিল।’
না পাওয়া এই পেনাল্টি, আর এর পরের মিনিটেই করিম বেনজেমার শট বারে লেগে ফিরে আসা—এই দুটি ব্যাপার রিয়ালের পক্ষে গেলেই বদলে যেত ম্যাচের ফল। ২-১ গোলে জয় পাওয়া বার্সেলোনার বদলে শেষ হাসিটা হাসতে পারত রিয়াল মাদ্রিদ।
সেটা হয়নি বলে রিয়াল আক্ষেপ করতেই পারে। তবে এই আক্ষেপ একেবারেই অকারণ বলে মনে করছেন বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুসকেটস, ‘রিয়াল রেফারির ভুলের জন্য কান্নাকাটি করছে! আসলে ওরা সব সময় অজুহাত খোঁজে। সবচেয়ে সোজা হচ্ছে রেফারির ওপর দোষ চাপিয়ে দেওয়া। ওদের এ রকম অভিযোগের কোনো কারণ নেই।’
ছাত্রের মতো এ রকম তির্যক জবাব দেননি বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো। বিতর্কিত এই বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি বরং মেতে ছিলেন তাঁর দলের খেলোয়াড়দের প্রশংসায়। প্রশংসার বেশির ভাগটাই ম্যাচে বার্সেলোনার সেরা খেলোয়াড় নেইমারের জন্য, ‘ও দারুণ খেলেছে। ক্লাসিকোতে গোল করা তো বিশাল ব্যাপার।’ তবে বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের কাছে যে প্রত্যাশা আরও অনেক বেশি, সেটাও জানিয়ে দিতে ভোলেননি মার্টিনো, ‘ও খুব ভালো খেলেছে। তবে আমি তাঁকে আরও ভালো খেলতে দেখেছি। ওর সামর্থ্য আরও বেশি।’
ক্লাসিকো অভিষেকেই গোল করেছেন। অবদান রেখেছেন অ্যালেক্সিস সানচেজের দ্বিতীয় গোলেও। তবে সবার উচ্ছ্বসিত প্রশংসার পরও পা মাটিতেই রাখছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘এ রকম ম্যাচে গোল করতে পেরে আমি আনন্দিত। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের ৩ পয়েন্ট।’ দলের জয়টাকেই বেশি গুরুত্ব দিয়েছেন অসাধারণ ফিনিশিংয়ে বার্সেলোনার দ্বিতীয় গোলটা করা সানচেজও, ‘এই জয়েই যে শিরোপা নির্ধারিত হয়ে গেছে এমন নয়। এখনো অনেক পথ বাকি। তবে আমরা এ রকম ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেয়েছি এটাই গুরুত্বপূর্ণ।’

চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ৩ পয়েন্ট পেয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখাটা নিশ্চিত করেছে বার্সেলোনা। ১০ ম্যাচে কাতালানদের পয়েন্ট ২৮। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে ৩ নম্বরে। যার অর্থ, ৯ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ কাল রাতে রিয়াল বেটিসের সঙ্গে খেলতে নেমেছিল দ্বিতীয় স্থান নিয়ে নিঃসংশয় হয়েই। এএফপি।

লা লিগার শীর্ষ পাঁচ

      ম্যাচ      জয়      ড্র      হার      গোল    পয়েন্ট

বার্সেলোনা        ১০  ৯        ১  ০      ৩০/৭       ২৮

অ্যাটলেটিকো ৯        ৮  ০        ১      ২১/৭       ২৪

রিয়াল মাদ্রিদ ১০  ৭        ১  ২      ২০/১১       ২২

ভিয়ারিয়াল ৯        ৫  ২        ২      ১৫/৯       ১৭

গেটাফে  ৯  ৫        ১  ৩      ১৪/১১       ১৬

* গত শনিবার পর্যন্ত