রিয়ালের বিতর্কিত জয় এবং কথার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সেখান থেকে দলকে উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু রাতে ম্যানুয়েল মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে এলচেকে ২-১ গোলে হারানো ম্যাচে রিয়ালের অন্য গোলটিও তাঁর। এটুকু উচ্ছ্বাস তো করতেই পারেন রোনালদো  এএফপি
পয়েন্ট হারানোর শঙ্কা পেয়ে বসেছিল রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সেখান থেকে দলকে উদ্ধার করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু রাতে ম্যানুয়েল মার্টিনেজ ভালেরো স্টেডিয়ামে এলচেকে ২-১ গোলে হারানো ম্যাচে রিয়ালের অন্য গোলটিও তাঁর। এটুকু উচ্ছ্বাস তো করতেই পারেন রোনালদো এএফপি

রিয়াল মাদ্রিদ-এলচে ম্যাচ তখন প্রায় শেষের দিকে। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে টুইট করলেন—ক্যানাল প্লাসে একটা হাসির সিনেমা দেখছি।
ক্যানাল প্লাস টিভিতে আসলে দেখাচ্ছিল রিয়াল-এলচে ম্যাচটাই। পিকের কাছে সেটা এতই ‘হাস্যকর’?
জবাব দিতে দেরি করেননি রিয়াল মাদ্রিদের ফুলব্যাক আলভারো আরবেলোয়া। পিকের দিকে পাল্টা তির ছুড়ে তিনিও টুইটারে লিখলেন—ভালো লাগছে যে কিছু লোক নাটক ছেড়ে সিনেমা দেখায় মনোযোগী হয়েছে।
ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোর দেরি আরও মাস খানেক, টুইটারে কিন্তু এর আমেজ পাওয়া গেল একটু আগেই।
কিন্তু ম্যাচ কেন হাস্যকর হবে, নাটক ছেড়ে সিনেমা দেখার রহস্যটাই বা কী? এসব না জানলে তো কিছুই তো বোঝা যাচ্ছে না।
যাবে। তার আগে দুটি ঘটনা জানতে হবে শুধু। এর একটি সেদিনের ম্যাচেরই।
অনেক নাটকের রিয়াল-এলচে ম্যাচটা তখন একেবারে শেষের দিকে। অপেক্ষা শুধু রেফারির শেষ বাঁশির।
বাঁশিতে ফুঁ দিলেন তিনি ঠিকই। তবে ম্যাচ শেষের নয়, পেনাল্টির।
রিয়াল মাদ্রিদের পাওয়া একটি কর্নারের সময় এলচের ডি-বক্সের জটলায় পেপে-কার্লোস সানচেজ ধাক্কাধাক্কি। টেলিভিশন রিপ্লেতে পরিষ্কার দেখা গেল, সানচেজের জার্সি টেনে ধরে মাটিতে পড়ে গেলেন পেপে, পড়লেন সানচেজও। পেনাল্টি তো নয়ই, ফাউল যদি দিতেই হয় সেটা দেওয়া উচিত ছিল এলচের পক্ষে। কিন্তু রেফারি সিজার মুনিজ ফার্নান্দেজ এলচে মিডফিল্ডার সানচেজকে হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টি দিলেন রিয়ালের পক্ষে! ম্যাচে তখন ১-১ সমতা। এদিকে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন। ওদিকে রেফারিও বাজালেন ম্যাচ শেষের বাঁশি। নিশ্চিত ড্র ম্যাচ পেপের অভিনয় গুণে আর রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ২-১ গোলে জিতে নিল রিয়াল মাদ্রিদ। হাস্যকর না?
এবার আরেকটি ঘটনা শুনুন। ২০০৬ চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। বার্সেলোনার মুখোমুখি চেলসি। স্টামফোর্ড ব্রিজে প্রথম লেগে একটা ফাউলের ঘটনায় লাল কার্ড দেখলেন চেলসির তখনকার ডিফেন্ডার আসিয়ের দেল হোর্নো। কিছুটা অভিনয় করে সেই ফাউল আদায়ের ‘কৃতিত্ব’ ছিল লিওনেল মেসির। ম্যাচ শেষে তাই সেই সময়ের চেলসি কোচ হোসে মরিনহো স্বভাবসুলভ খোঁচা দিয়ে বলেছিলেন, ‘বার্সেলোনা খুবই সংস্কৃতিমনা শহর। সেখানে নাট্যমঞ্চের ছড়াছড়ি এবং আমি দেখতে পাচ্ছি মেসি ছেলেটাও খুব ভালো অভিনয় শিখে নিয়েছে।’
পরে রিয়ালের কোচ থাকার সময়েও মরিনহো বার্সেলোনার বিরুদ্ধে অনেকবার ‘মাঠে নাটক করার’ অভিযোগ করেছেন।
পেপের অভিনয় পিকের কাছে হাসির সিনেমা হলে, আরবেলোয়া তো তাঁকে নাটক ছেড়ে সিনেমা দেখার খোঁচা দিতেই পারেন।
শেষ মুহূর্তে সেই পেনাল্টি-নাটকের আগেও কিন্তু ম্যাচে উত্তেজনা কম ছিল না। এলচে সমর্থকদের হতাশায় ডোবানো ওই পেনাল্টি গোলের আগেও রোনালদো প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে একটা দারুণ গোল করেছিলেন ৫১ মিনিটে। এ নিয়ে লা লিগায় ২৭টি আলাদা দলের বিপক্ষে গোল করলেন রোনালদো। রিয়াল জিতে যেতে পারত ওই এক গোলেই। কিন্তু যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই এলচে স্ট্রাইকার রিচমন্ড বোয়াকিয়ে হেড থেকে গোল করে গড়বড় করে দেন রিয়ালের সব হিসাব।
বিতর্কিত সেই পেনাল্টি দেওয়ার জন্য রিয়াল কোচ কার্লো আনচেলত্তি কি মনে মনে ধন্যবাদ দিয়েছেন রেফারিকে? এএফপি।