রিয়াল, আর্সেনাল, এসি মিলান ও সিটির হার
জনপ্রিয় দলগুলোর জন্য কাল চ্যাম্পিয়নস লিগের রাতটি ছিল ভুলে যাওয়ার মতোই। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, এসি মিলান, আর্সেনাল—সবাই কাল হারের স্বাদ নিয়েছে। জিতেছে কেবল প্যারিস সেন্ট জার্মেই। ডর্টমুন্ডে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। আমস্টারডামে আয়াক্স ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। মালাগায় গিয়ে মালাগার কাছে ১-০ ব্যবধানে পরাভূত এসি মিলান। আর, লন্ডনে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শাকলের কাছে ২-০ গোলে হেরে বসেছে আর্সেনাল। জ্লাতান ইব্রাহিমোভিচ ও জেরেমি মেনেজের দুই গোলে প্যারিস সেন্ট জার্মেই দারুণ এক জয় পেয়েছে ডায়নামো কিয়েভের বিপক্ষে।বুরুশিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। আক্রমণ-পাল্টা আক্রমণে মোটামুটি আকর্ষণীয় এক খেলা উপভোগ করেছে ফুটবলামোদীরা। যদিও বলের দখল রিয়ালের কাছে বেশি ছিল, কিন্তু নির্ভুল ফুটবল খেলে ডর্টমুন্ডে কাল শেষ অবধি জয়ী বুরুশিয়া। ম্যাচের ৩৬ মিনিটে রবার্ট লিওনেস্কির গোলে এগিয়ে যাওয়া বুরুশিয়া ডর্টমুন্ডের অগ্রযাত্রা এর ঠিক দুই মিনিট পরেই থামিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, দারুণ এক গোলে। কিন্তু খেলার ৬৪ মিনিটে মার্সেল চেমেলজারের গোলে জয় নিশ্চিত করে ডর্টমুন্ড।গ্রুপ ডি-তে কাল আয়াক্সের কাছে ৩-১ গোলে হেরে বড় এক ধাক্কাই খেল ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আয়াক্স অ্যারেনায় সামির নাসরির গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত রবার্তো মানচিনির দল। ২২ মিনিটে সামির নাসরির গোলে এগিয়ে যাওয়ার পর আয়াক্সের জি ডং, নিকোলাস মইসান্দার ও ক্রিস্টিয়ান এরিকসনের তিনটি চমত্কার গোলে দারুণ এক জয় তুলে নেয় আয়াক্স আমস্টারডাম। জি ডং খেলার ৪৫ মিনিটে, মইসান্দার ৫৭ মিনিটে ও এরিকসন ৬৮ মিনিটে গোল তিনটি করেন। এই জয়ে এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্যায়ে প্রথম জয় তুলে নিল আয়াক্স আমস্টারডাম। অন্যদিকে, এখনো পর্যন্ত কোনো জয় না পাওয়া ম্যানচেস্টার সিটির ভবিষ্যত্ এই ম্যাচের পর অনিশ্চয়তায় ঢাকা পড়ল। মালাগা নামটি বড় না হলেও এবারের চ্যাম্পিয়নস লিগে দলটি এখন পর্যন্ত দারুণ চমক-জাগানিয়া। চমকের মধ্যে আছে তিন ম্যাচের তিনটিতেই জয় এবং কোনো গোল হজম না করা। কাল এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে অন্যদের সমীহটাও দারুণভাবে নিজেদের দিকে টেনে নিল স্প্যানিশ লিগের আপাত অখ্যাত ক্লাবটি। খেলার ৬৪ মিনিটের সময় জোয়াকুইন জয়সূচক গোলটি করেন। এই পরাজয়ে ইতালীয় এসি মিলান এ মৌসুমে নিজেদের দুঃস্বপ্নের যাত্রা অব্যাহত রাখল। গত নয় বছরের মধ্যে এই প্রথম আর্সেনালের নিজের মাঠে তাদের বিপক্ষে জয় পেয়েছে কোনো বিদেশি দল। জার্মান বুন্দেসলিগার দল শাকলে ম্যাচের শুরু থেকে জয়ী দলের মতো খেলেই এমিরেটস মাঠে ছিনিয়ে নিয়েছে দারুণ এই জয়। আর্সেন ওয়েঙ্গারের হতাশার রাতে কাল লন্ডনের দর্শক দেখল গানারদের ভুলে যাওয়ার মতো ফুটবল প্রদর্শনী। রক্ষণভাগের অমার্জনীয় দুর্বলতার সুযোগে ম্যাচের ৭৬ ও ৮৪ মিনিটে ক্লাস-জান হান্টেলাল ও ইব্রাহিম অ্যাফেলের দুই গোলে জয় নিশ্চিত হয় শাকলের। জ্লাতান ইব্রাহিমোভিচকে প্যারিস সেন্ট জার্মেইয়ের মহা গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন বলা হয়, তার প্রমাণ তিনি কালও দিলেন। ডায়নামো জাগরেবের বিপক্ষে জয়ের ম্যাচে স্কোরশিটে আছে এই সুইডিশ ফুটবলারের নাম। ম্যাচের ৩২ মিনিটের সময় ইব্রাহিমোভিচই গোলের সূচনা করেন। প্রথমার্ধের ৪২ মিনিটের সময় গোলসংখ্যা দ্বিগুণ করেন জেরেমি মেনেজ। এই জয়ে ডায়নামো কিয়েভকে পেছনে ফেলে প্যারিস সেন্ট জার্মেই উঠে গেল গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে।