রিয়াল-অ্যাটলেটিকো সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের জালে বল জড়িয়ে ভিসেন্তে ক্যালদেরনের দর্শকদের উল্লাসে ভাসালেন গাবি ফার্নান্দেজ । ছবি: রয়টার্স
রিয়ালের জালে বল জড়িয়ে ভিসেন্তে ক্যালদেরনের দর্শকদের উল্লাসে ভাসালেন গাবি ফার্নান্দেজ । ছবি: রয়টার্স

৬৩ বছর পর লা লিগার উভয় ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর দারুণ এক মওকা পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে উত্তেজনার রেণু ছড়ানো ম্যাচে ৮১ মিনিট এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে পারেনি ডিয়েগো সিমিওনের দল।  ২-২ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় দলকে।
এ ড্রয়ে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল এক পয়েন্ট খোয়ালেও অবস্থান তাদের শীর্ষেই। ২৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৪ আর দ্বিতীয় অবস্থানে উঠে আসা অ্যাটলেটিকোর ৬১। তৃতীয় অবস্থানে চলে যাওয়া বার্সার ২৫ ম্যাচে ৬০।    
ম্যাচের ৩ মিনিটেই অ্যাটলেটিকোর জালে বল জড়িয়ে দেন রিয়ালের করিম বেনজেমা। লিগে এটি বেনজেমার ১৫তম গোল।  ২৮ মিনিটে অ্যাটলেটিকোকে ম্যাচে ফেরান কোকে, প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে নেওয়া গাবি ফার্নান্দেজের দূর পাল্লার শটটি রিয়ালের জালে ঢোকে বুলেট গতিতে। ৮২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল। লিগে এটি সিআর সেভেনের ২৩ তম গোল।  ৬৪ মিনিটে ডিয়েগো কস্তাকে হলুদ কার্ড দেখানোয় ডাগ আউটে ছড়ায় উত্তেজনা।
শেষবার রিয়াল মাদ্রিদকে লিগে দুটি ম্যাচেই অ্যাটলেটিকো হারিয়েছিল ১৯৫০-৫১ মৌসুমে। ৬৩ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করার সুযোগ আজ কাজে লাগাতে পারেনি অ্যাটলেটিকো। অবশ্য ইতিহাস ফিরিয়ে আনার কাজটা অর্ধেক সেরেই রেখেছিল ডিয়েগো সিমিওনের দল।  সান্তিয়াগো বার্নাব্যতে গত সেপ্টেম্বরে লিগের প্রথম ডার্বিতে রিয়ালের বিপক্ষে অ্যাটলেটিকো জিতেছিল (১-০) ব্যবধানে। কার্লো আনচেলত্তির দল আজ ঠেকিয়ে দিয়েছে অ্যাটলেটিকোর জয়রথ।