রিয়াল আছে ‘মাদ্রিদেই’
পরশু লম্বা একটা সময় পর্যন্ত ভীষণ চিন্তিত দেখাল হোসে মরিনহোকে। শেষ মুহূর্তে দুশ্চিন্তার পাষাণভার নেমে গেছে। কে জানে, কাল হেরে গেলে বা ড্র করলে চাকরি নিয়েই হয়তো টানাটানি শুরু হয়ে যেত রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচের। রায়ো ভ্যালেকানোকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে সেই শঙ্কারও কবর দিয়েছেন মরিনহো।তার পরও কি নিন্দুকদের মুখ বন্ধ থাকে? গত চার ম্যাচে রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। চ্যাম্পিয়নস লিগে মার্সেলো, লিগে লেভান্তের বিপক্ষে সামি খেদিরা, সর্বশেষ গত ম্যাচে ভ্যালেকানোর বিপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়া। সব মিলে এই মৌসুমে আট ম্যাচেই ২০টি হলুদ ও পাঁচটি লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। এই ডিসিপ্লিনারি রেকর্ড নিয়েও হচ্ছে সমালোচনা।গতকাল রিয়াল মাদ্রিদের সাধারণ সভায় ক্লাবের অনেক সদস্য মরিনহোর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলেছেন মরিনহোকে এত বেশি কর্তৃত্ব আর ক্ষমতা দেওয়ার যুক্তি নিয়েও। সবচেয়ে সোচ্চার রাফায়েল ভারেয়স। এই সদস্য বলছেন, ‘আপনার মাসকট যদি হয় একটা বাঘ, তবে সেটাকে বেঁধে রাখতে হবে, যাতে সে আপনার প্রতিবেশীর মেয়েটিকে খেয়ে না ফেলে।’ইঙ্গিত মরিনহোর উদ্ধত আচরণের দিকে। গত মৌসুমে উয়েফাকে চটিয়ে নিষিদ্ধ হয়েছিলেন। এই মৌসুমেও স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে খোঁচা মেরেছেন। প্রায়ই প্রতিপক্ষ কোচ, কর্মকর্তা কিংবা রেফারিদের সঙ্গে খুটখাট লেগেই থাকছে। এতে রিয়াল ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে। রেফারিদের কঠিন সিদ্ধান্তগুলোও ক্লাবের অনুকূলে আসছে না।প্রথম মৌসুমে ক্ষমতার একটা ভারসাম্য ছিল। কিন্তু ক্লাব পরিচালকের পদ থেকে হোর্হে ভালদানোকে হটিয়ে মরিনহো সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন। সবচেয়ে বড় কথা, মরিনহোর ওপর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের অগাধ আস্থা। কিন্তু মরিনহোকে এত বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে নন ভারেয়স, ‘মরিনহো কিন্তু মাদ্রিস্তা নন, তিনি মরিনহিস্তা।’ মরিনহো যে মাদ্রিদের কেউ নন সেটা মনে করিয়ে দিয়েছেন আরেক সদস্য হুয়ান মিগুয়েল নোগুয়েস, ‘মাদ্রিদ পরিবারের প্রতিচ্ছবি নন মরিনহো।’এসব কথায় অবশ্য কান দিচ্ছেন না পেরেজ, ‘আমরা বাজে রেফারিংয়ের শিকার হলে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না? আমাদের হাতে সেরা কোচই আছে। আসলে মিডিয়ার কথাবার্তায় প্রভাবিত হয়ে অনেকেই এসব বলছে।’ রয়টার্স, ওয়েবসাইট।