রিয়াল-ইউনাইটেড নিয়ে রোমাঞ্চিত মরিনহোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ ফেব্রুয়ারি বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড মহারণের প্রথম পর্ব। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের ঠিক এক মাস আগে পরশু রিয়াল কোচ হোসে মরিনহোকে দেখা গেল ওল্ড ট্রাফোর্ডে। ইংলিশ কোচ রয় হজসনের পাশে বসে দেখছেন ইউনাইটেড-লিভারপুল ম্যাচটি। ইউনাইটেডের হাঁড়ির খবর নেওয়ার জন্যই মরিনহোর এই ওল্ড ট্রাফোর্ড সফর। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সবচেয়ে জিভে জল আনা ম্যাচটিতে জয়ই যখন লক্ষ্য, মরিনহো তো খবর নেবেনই। পরশু ইংল্যান্ডে বসেই ম্যাচটা নিয়ে সারা বিশ্বের তাবত ফুটবলপ্রেমীর মনের কথাই যেন বলে দিলেন স্পেশাল ওয়ান, ‘এটি সেই ম্যাচ, যা দেখার জন্য উন্মুখ সারা বিশ্ব। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রিয়াল মাদ্রিদ। স্যার অ্যালেক্স ফার্গুসন বনাম তাঁর বন্ধু মরিনহো। তবে একটাই আফসোস, এটা ফাইনাল না।’ফাইনালের আগের এই ফাইনালটা খেলার জন্য দিন গুনছেন মরিনহোও। এই ম্যাচে যে কোনো দলই জিততে পারে, সেটাও তিনি জানেন, ‘আমরা জানি আমরা তাদের হারাতে পারি। আমরা এটাও জানি তারা আমাদের হারাতে পারে। তবে আমরা প্রস্তুতই থাকব।’ রিয়াল গ্রুপপর্ব পেরিয়েছে ‘মৃত্যুকূপ’ থেকে। আর তথ্যটা মনে করিয়ে দিয়ে রিয়ালকে কিছুটা হলেও এগিয়ে রাখছেন মরিনহো, ‘এখানে (চ্যাম্পিয়নস লিগে) অনেকগুলো গ্রুপ ছিল, যেগুলোতে দুই বা তিন ম্যাচ পরই বলে দেওয়া গেছে কারা প্রথম বা দ্বিতীয় হচ্ছে। কিন্তু প্রতিযোগিতার সেরা পাঁচটি দলের তিনটিই ছিল আমাদের গ্রুপে—বরুসিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি ও আমরা। আর এখন শেষ ষোলোর সবচেয়ে বড় ম্যাচটিতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষই পেয়েছি আমরা।’ ওয়েবসাইট। ওয়েবসাইট।