২২ মিনিটে মিকেল রিকো যখন রিয়ালের জালে গোলটা জড়ালেন, হোসে মরিনহোর কপাল কুঁচকে গেল। চার দিন আগে মালাগার বিপক্ষে নিজেদের মাঠে ০-২ গোলে পিছিয়ে পড়ার স্মৃতিটা তখনো তাজা। তবে কি ৩৬ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে পদার্পণটি স্মরণীয় করে রাখতে চায় গ্রেনাডা? ভাষ্যকারেরা আরও মনে করিয়ে দিলেন, ৩৫ বছর পর শীর্ষ লিগে ফেরা এই দলটি গত অক্টোবরে রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছিল বার্সেলোনার। জাভির একমাত্র গোলে সেদিন উদ্ধার পায় বার্সা।না, শেষ পর্যন্ত গ্রেনাডাকে চোখ তুলে তাকানোর দুঃসাহসের উচিত শিক্ষা দিয়েছে রিয়াল। উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। সার্জিও রামোস, গঞ্জালো হিগুয়েইন আর ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন বাকি তিনটা গোল। লিগে রোনালদোর গোল হয়ে গেল ২১টি, লিওনেল মেসির চেয়ে চারটি বেশি। স্প্যানিশ লিগে শীর্ষে থাকা রিয়ালও ৬ পয়েন্টে এগিয়ে গেল। যদিও গতকাল রাতে ব্যবধানটিকে তিনে নামিয়ে আনার জন্য এসপানিওলের মুখোমুখি হয়েছিল বার্সা।১৯ মিনিটে প্রথম গোলটি করেন বেনজেমাই। তিন মিনিট পরই সেটি শোধ করে দেন রিকো। মিনিট সাতেক পর রিয়ালের গোলমুখে গ্রোনাডার আরেকটি আক্রমণ। রিকোকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করে ইকার ক্যাসিয়াসের দুর্দান্ত সেভ। কিন্তু এর পরই খেলার রাশ দ্রুত নিজেদের হাতে তুলে নেয় রিয়াল। গোল না পেলেও ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় মেসুত ওজিল। পাঁচ গোলের তিনটিই বানিয়ে দিয়েছেন এই জার্মান মিডফিল্ডার।ওদিকে ইতালিয়ান লিগে পার্মাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। লিগে এই মৌসুমে তাদের সবচেয়ে বড় এই জয়ে ডিয়েগো মিলিতোর জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন থিয়াগো মোত্তা, জিয়ামপাওলো পাজ্জিনি ও মার্কো ফারাওনি। একসময় পয়েন্ট টেবিলের ১৭-১৮ নম্বরে পড়ে থাকা ইন্টার টানা পাঁচ জয় নিয়ে লিগের পাঁচে উঠে এসেছে। ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা এসি-মিলান জুভেন্টাসও এখন খুব বেশি দূরত্বে নেই।ফলে ইন্টার কোচ ক্লদিও রানিয়েরির কণ্ঠেও এখন মানিয়ে যাচ্ছে হুংকার, ‘আমি কিছুই বলছি না। আমি এখানে এসে আমার সেরা চেষ্টাটাই করেছি। এপ্রিল-মে মাসে (মৌসুমের শেষে) গিয়ে দেখা যাবে আমরা কতটা কী করতে পেরেছি। আমাদের সামনের দলগুলো রীতিমতো দৌড়াচ্ছে। তাদের টপকাতে আমাদের তাই উড়তে হবে।’ এএফপি।ম্যানইউ ৩: ২ ম্যান সিটিপ্রথমার্ধেই স্কোর ৩-০! মনে হচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘১-৬ লজ্জা’র প্রতিশোধই নেবে। ওয়েইন রুনিই করলেন দুটো গোল। ড্যানি ওয়েলবেক একটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি। আলেকজান্ডার কোলারভ আর সার্জিও আগুয়েরোর গোলে ফিরে এল ম্যাচে। কিন্তু অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারল না। সিটিকে বিদায় করে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠে গেল ম্যানইউ। এএফপি।