রিয়াল এবার আরও ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম জুড়ে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। কিন্তু শেষ পর্যন্ত গত দুই মৌসুমেই বার্সেলোনার কাছে হার মানতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। তবে বার্সা মিডফিল্ডার পেদ্রো রদ্রিগেজের ধারণা, এই মৌসুমে বার্সার আরও কঠিন পরীক্ষা নেবে রিয়াল।প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতে এবার গোলের বন্যা বইয়ে দিয়েছেন হোসে মরিনহোর শিষ্যরা। এবার ১০ নম্বর জার্সি পাওয়া মেসুত ওজিল কদিন আগে বলেছেন, ‘দল এবার গত বছরের চেয়েও শক্তিশালী ও পরিণত।’ বুধবার বার্সেলোনা-ভিত্তিক ক্রীড়া দৈনিক এল মুন্ডো দেপোর্তিভোকে পেদ্রো জানালেন চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে তাঁর ভাবনা, ‘রিয়াল মাদ্রিদ এবার আরও বেশি বিপজ্জনক হবে। ওদের ফুটবলাররা এখন আরও বেশি প্রতিজ্ঞ। লিগটা খুব কঠিন হবে। ওদের কাউন্টার অ্যাটাকগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। ফরোয়ার্ড পজিশনে ওদের অনেক গতিময় ফুটবলার আছে, ওদের থামানো কঠিন।’লিগে মুখোমুখি হওয়ার আগেই অবশ্য দুই দল ১৪ ও ১৮ আগস্ট মুখোমুখি হচ্ছে সুপার কাপের শিরোপা জয়ের লড়াইয়ে। হ্যাটট্রিক শিরোপা জয়ে আত্মবিশ্বাসী ২৪ বছর বয়সী ফরোয়ার্ড। তবে আছে সংশয়ও, ‘সুপার কাপটা আমরা জিততে চাই। এটা বড় একটা চ্যালেঞ্জ। মাদ্রিদের বিপক্ষে ম্যাচেই আমরা নিজেদের মানটা যাচাই করি। যেহেতু শিরোপার লড়াই, ম্যাচ দুটো হবে তাই অনেক চাপের, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দুর্দান্ত। আমাদের জন্য এটি হবে কঠিন পরীক্ষা। আমরা অবশ্যই ভালো খেলব, কিন্তু এটা এল ক্লাসিকো, এমন এক ম্যাচ, যেখানে হতে পারে যেকোনো কিছুই।’পেদ্রোর এই খানিক সংশয় দূর করতে পারে ক্লদিও বর্গির কথা। চিলির কোচের ধারণা, বার্সার আলোচিত নতুন উইঙ্গার অ্যালেক্সিস সানচেজ মেসির সঙ্গে গড়ে তুলবেন দুর্ধর্ষ এক জুটি, ‘লিও বিশ্বের সেরা ফুটবলার আর অ্যালেক্সিস বার্সায় কেবল শুরু করছে। তবে আমার ধারণা সবকিছু ভালোভাবে হবে, কারণ অ্যালেক্সিসের মানসিক শক্তি প্রচণ্ড। ওদের একসঙ্গে খেলতে দেখাটা হবে দারুণ। চিলি দলেও অ্যালেক্সিস দ্রুত দলের সঙ্গে মানিয়ে খেলতে অভ্যস্ত। বার্সাতেও তাই ও দারুণভাবে মানিয়ে নেবে।’ এএফপি।