রিয়াল ও বার্সার ‘কঠিন’ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা হাভিয়ের কামুনাস। ওসাসুনার সঙ্গে পাট চুকিয়ে গত জানুয়ারিতে নাম লিখিয়েছেন ভিয়ারিয়ালে। কিন্তু আজ ওসাসুনা-রিয়াল মাদ্রিদ ম্যাচে ঘুরেফিরে আসছে তাঁরই নাম। মাদ্রিদে জন্ম, শুরুও করেছিলেন রিয়াল মাদ্রিদের যুবদলের হয়ে। সেই কামুনাসের গোলে গতবার নিজেদের মাঠে রিয়ালকে হারিয়ে দিয়েছিল ওসাসুনা। শুধু গতবার? নিজেদের মাঠে গত তিন মৌসুমেই রিয়ালকে জয়বঞ্চিত করেছে ‘পুঁচকে’ ওসাসুনা। গতবারের আগেরবার হয়েছিল গোলশূন্য ড্র। তার আগেরবার রিয়াল হেরেছিল ২-১ গোলে।এই পরিসংখ্যানে ওসাসুনার চেয়ে বার্সেলোনার চোখই চকচক করবে বেশি। রিয়ালের পর পর দুই ড্রয়ে ব্যবধান কমে ছয়ে নেমে আসায় আশায় বসত গড়ছে বার্সা। তাদের জন্য আরও একটি আশা-জাগানিয়া পরিসংখ্যান, এই মৌসুমে প্রায়ই অনেককে চোখ কচলাতে বাধ্য করা ওসাসুনা সর্বশেষ নয় ম্যাচের মাত্র একটিতে হেরেছে। আর এই নয় ম্যাচের যাত্রায় আছে বার্সার বিপক্ষে নিজেদের মাঠে তুলে নেওয়া ৩-২ গোলের জয়ও। পয়েন্ট টেবিলে তাদের অবস্থানও (৬) সাক্ষ্য দিচ্ছে সেই ধারাবাহিকতার। আর তাই লিগের শুরুর দিকে রিয়ালের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণাদগ্ধ স্মৃতি থাকার পরও ওসাসুনা এই হুংকার দেওয়ার সাহস পাচ্ছে, রিয়ালকে একটা ধাক্কা দেওয়ার জন্য তারা তৈরি।রিয়াল অবশ্য টানা দুই ড্রয়ের ধাক্কা ভালোমতোই সামলে উঠেছে। লিগে রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোসিয়াকে হারিয়ে এসেছে ৩-০ ব্যবধানে। তবে ওসাসুনা অধিনায়ক পাটজি পুনাল বলছেন, ‘ওদের জিততেই হবে। তাই চাপটা থাকবে ওদেরই ওপর, যদিও ওরা এই চাপ নিয়েই খেলে অভ্যস্ত। তবে আমরাও চেষ্টা করব নিজেদের মাঠে পয়েন্ট জিততে। শীর্ষ দল রিয়ালের বিপক্ষে খেলা সব সময়ই একটা অনুপ্রেরণার। তা ছাড়া আমরা ভালো ফল করতে পারলে পয়েন্ট টেবিলেও আমাদের অবস্থান আরও পোক্ত হবে।’ ওসাসুনার সামনে আছে চ্যাম্পিয়নস লিগে খেলারও হাতছানি। চতুর্থ স্থানে থাকলেও পরের মৌসুমের প্লে-অফে জায়গা পাবে তারা। গোল ব্যবধানে তৃতীয় ও চতুর্থ ভ্যালেন্সিয়া ও মালাগার চেয়ে মাত্র ৪ পয়েন্টের ব্যবধান ওসাসুনার।রিয়ালের জন্য তাই উদ্দীপ্ত এক প্রতিপক্ষই অপেক্ষা করছে। বার্সার জন্য? বলা যায় আরও কঠিন প্রতিপক্ষ। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে খেলা। স্প্যানিশ লিগে ১১ নম্বরের দল—এই তথ্যে বিভ্রান্ত হওয়াটা ভুল হবে। ‘এল লোকো’ মার্সেলো বিয়েলসা দলের দায়িত্ব নেওয়ার পর তো রীতিমতো চমক উপহার দিয়ে চলেছে বিলবাও। কোপা ডেল রের ফাইনালে উঠেছে। সেখানে এই বার্সাই তাদের প্রতিপক্ষ। ইউরোপা লিগে ম্যানইউকে দুই লেগেই হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে। শেষ আটের প্রথম লেগে পরশু শালকেকে হারিয়ে এসেছে ৪-২ গোলে। তা ছাড়া লিগে প্রথম ম্যাচে বার্সাকে ২-২ গোলে আটকে দিয়েছিল বিলবাও। বলা ভালো, লিওনেল মেসির অতিরিক্ত সময়ের গোলে ভাগ্যক্রমে একটা পয়েন্ট পেয়েছিল বার্সা।আজ খেলা অবশ্য বার্সারই মাঠে। তা ছাড়া জার্মানি থেকে উড়ে এসে মাঠে নামতে হবে বিলবাওকে। মাঝখানে মাত্র ৪৮ ঘণ্টার বিরতি। এই ধকলও আছে। আর বিয়েলসাও যেন সব শক্তি বিনিয়োগ করতে চান ইউরোপা লিগেই। লিগটা এখন তাঁর অগ্রাধিকার তালিকার দুই নম্বরে। এএফপি।