রিয়াল ও ভালদানোকে জেতালেন বেনজেমা
অভিজাত রিয়াল মাদ্রিদ কষ্টেসৃষ্টে জয় পেয়েছে। বার্নাব্যু শিবিরে বইছে স্বস্তির বাতাস। রিয়াল মায়োর্কার কাছে হারের লজ্জায় তো পড়তে হয়নি! তবে পরশুর ১-০ গোলের জয়ে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সুখী মানুষ হয়তো হোর্হে ভালদানো।করিম বেনজেমার পক্ষে আরেকটু জোরের সঙ্গে কথা বলতে পারবেন রিয়াল মাদ্রিদের মহাব্যবস্থাপক। রিয়ালের জয় এনে দেওয়া গোলটি করেছেন এই ফরাসি স্ট্রাইকার।এর আগের ম্যাচে আলমেরিয়ার সঙ্গে ড্র করে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। তবে এই সত্যটার চেয়েও গত সপ্তাহ থেকে বার্নাব্যুতে ভালদানো-মরিনহো দ্বন্দ্বটাই হয়ে উঠেছে বড়। মহাব্যবস্থাপক আর কোচের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের মূলে বেনজেমা। গঞ্জালো হিগুয়েইন চোট নিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পরই কর্তৃপক্ষকে নতুন স্ট্রাইকার কেনার প্রস্তাব দিয়েছেন মরিনহো। ভালদানো এর জবাবে রোনালদোর সঙ্গে বেনজেমাকে মূল একাদশে খেলানোর কথা বলেছেন। কিন্তু মরিনহো তা করেননি, বেনজেমাকে হাতেগোনা কয়েকটি ম্যাচেই শুরুর একাদশে নামিয়েছেন রিয়ালের কোচ।এই নিয়ে দ্বন্দ্ব ওঠে চরমে। মরিনহো মৌসুম শেষে রিয়াল ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এত কিছুর পরও মায়োর্কার বিপক্ষে বেনজেমাকে একটা সুযোগ দিলেন মরিনহো। সুযোগটা কাজে লাগিয়ে ৬০ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অলিম্পিক লিওঁর সাবেক তারকা। নিজেদের মাঠে প্রথমার্ধটা গোলশূন্য থাকার পর সমর্থকদের দুয়ো শুনতে সইতে হয়েছে রিয়ালকে। শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর পরিবেশটা পাল্টে দিতে পেরেছেন বেনজেমা।ভালদানোকেও কিছু বলার সুযোগ এনে দিয়েছেন এ মৌসুমে লিগে দ্বিতীয় গোল করা স্ট্রাইকার। সুযোগটা একেবারেই হাতছাড়া করেননি আর্জেন্টিনার সাবেক তারকা, ‘স্ট্রাইকারদের জন্য গোল পাওয়া জরুরি। একজন স্ট্রাইকারের আত্মবিশ্বাস লাগে এবং সেটা গোল পাওয়া থেকেই আসে। ভালো একটা ম্যাচ গেল বেনজেমার এবং আমাদের তিনটি পয়েন্টও সে এনে দিল।’রিয়ালে হিগুয়েইনের প্রথম দিনগুলোর সঙ্গে তুলনা করে বেনজেমাকে নিয়ে একটা আশার কথাও বলেছেন ভালদানো, ‘অতীতে হিগুয়েইনের মতো খেলোয়াড়কেও একই সমস্যা সামাল দিতে হয়েছে। হিগুয়েইন এখন রিয়ালের বড় স্ট্রাইকার। আশা করছি, বেনজেমার ক্ষেত্রেও তাই হবে।’ চার বছর আগে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখানো হিগুয়েইন প্রথম গোল পেয়েছিলেন ৯ ম্যাচ পর। রিয়ালে দ্বিতীয় মৌসুমটাও ভালো যায়নি তাঁর। করেছিলেন মাত্র ১১ গোল। পরের দুই মৌসুমে ৪৯ গোল। দুবারই হয়েছেন রিয়ালের সর্বোচ্চ গোলদাতা।এদিকে ইন্টার মিলানের নতুন কোচ লিওনার্দোর জয়রথ থেমেছে পাঁচ ম্যাচ পর। সিরি ‘আ’তে পরশু তাঁর দল হেরেছে উদিনেসের কাছে (৩-০)। গোল তিনটি করেছেন জাপাতা, ডি নাতালে ও ডোমিজ্জি। ওদিকে পেলেগ্রিনোর আত্মঘাতী গোলের সঙ্গে ইব্রাহিমোভিচের গোল মিলে সেসেনাকে ২-০-তে হারিয়েছে ইন্টারের নগর প্রতিপক্ষ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা এসি মিলান। এএফপি, রয়টার্স।