রিয়াল কক্ষপথেই, ইন্টার খোঁড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্নাব্যু কাল আনন্দই করেছে। স্পোর্টিং গিজনের কাছে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। আর এতে বার্সেলোনাকে ৩ পয়েন্ট পেছনে ফেলে এককভাবে শীর্ষে অন্তত ওঠা গেছে। কাল রাতে জারাগোজার বিপক্ষে বার্সেলোনা জিতে থাকলে ভিন্ন কথা। অন্য সবার মতো জয় পেয়ে খুশি রিয়াল কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। তবে একটা অতৃপ্তিও আছে তাঁর। মনভরানো খেলা যে খেলতে পারেনি দল!ছন্দময় খেলেই অবশ্য পরশু জয় পেয়েছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহামের বিপক্ষে ‘গানার’দের জয়টা ২-০ গোলের। গোল দুটি করেছেন ডেনিলসন ও চোট কাটিয়ে আবার মাঠে ফেরা অধিনায়ক সেস ফ্যাব্রিগাস। তবে ইউরোপের ক্লাব ফুটবলে পরশুর রাতটি ভালো কাটেনি ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের। পালের্মোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার। আর এইনট্রাক্ট ফ্রাংকফুর্টের কাছে হেরেই গেছে বায়ার্ন। গত সেপ্টেম্বরের পর এই প্রথম জার্মান বুন্দেসলিগায় কোনো ম্যাচ হারল বায়ার্ন।সিরি ‘আ’তে পালের্মোর সঙ্গে ড্র করে ইন্টার নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে দিয়েছিল শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার বড় সুযোগ। কিন্তু কাল নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মিলান। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট ইন্টারের। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট মিলানের। পরশু উদিনেসকে ৪-২ গোলে হারিয়ে দেওয়া এএস রোমাও শিরোপা লড়াইয়ে আছে এই দুই নগরপ্রতিদ্বন্দ্বীর কাছেপিঠেই। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের।ওদিকে স্প্যানিশ লিগে রিয়াল পরশু খেলতে নেমেছিল কাকা আর রাউল আলবিওলকে ছাড়াই। কিছুটা হলেও তাই মাঝমাঠ আর রক্ষণে অপূর্ণতা নিয়েই নামতে হয়েছিল রিয়ালকে। এর প্রভাবটাই প্রথম দিকে পড়েছিল রিয়ালের খেলায়। উন্মুক্ত ফুটবল খেলা স্পোর্টিংয়ের গোলে প্রথম শট নিতে ২৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। গোলে প্রথম শট নেওয়ায় এগিয়ে থাকার মতো ম্যাচের প্রথম গোলটিও পেয়েছে স্পোর্টিং। নিষ্ফলা প্রথমার্ধের পর ৫৩ মিনিটে স্পোর্টিংকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড বারাল।গোল খেয়েই হুঁশ ফেরে রিয়ালের। দুই মিনিটের ব্যবধানে রাফায়েল ফন ডার ভার্ট (৫৫ মিনিট) ও জাভি আলনসো (৫৭ মিনিট) দুটি গোল করে এগিয়ে দেন রিয়ালকে (২-১)। ৬৮ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেছেন আগের ম্যাচেই হ্যাটট্রিক করা হিগুয়েইন। জয়সূচক গোলটি করার আগে অবশ্য দুটি সহজ গোলের সুযোগ মিস করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।দু দলই উন্মুক্ত ফুটবল খেলেছে। দু দলের খেলাই আবার গোল মিস আর ভুল পাসে ভরা ছিল। সব মিলিয়ে ম্যাচটির প্রথমার্ধ মোটেই দৃষ্টিসুখকর হয়নি। রিয়াল কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তো দলের খেলায় নিজের অসন্তুষ্টির কথা সংবাদ সম্মেলনে সবার সামনেই বলে গেছেন, ‘খুব বাজে শুরু করেছি আমরা এবং দ্বিতীয়ার্ধের আগে এ অবস্থার উন্নতি হয়নি। ম্যাচে তিন গোল পেলেও আমি খুশি নই। এ ম্যাচ আমাদের একটা সতর্কবাণী শুনিয়ে গেল—ম্যাচের শুরুটা আমাদের আরও ছন্দময় করতে হবে।’ছন্দের এখনো কোনো ঘাটতি চোখে পড়ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের। তবে এসব নয়, পরিণতিবোধের প্রশংসাতেই পঞ্চমুখ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘কখনো কখনো মানুষ আসলে বুঝতে চায় না আমাদের দলটি কত তরুণ। পরিণতিবোধের দিক দিয়ে আমরা অনেক এগিয়েছি। এই ম্যাচটাতেও এর প্রমাণ মিলেছে। এখন আমরা জিততে (শিরোপা) শুরু করব। আর সেটা সম্ভবত এ বছরই।’ এএফপি।