রিয়াল ঘুরে দাঁড়াবে বলছেন ক্যাসিয়াস
নগর প্রতিদ্বন্দ্বীই। সেই অর্থে এই ম্যাচটা ছিল ‘ডার্বি’। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদই যেখানে কল্কে পায় না, সেখানে গেটাফে! এমন ম্যাচেও যদি হেরে বসে রিয়াল মাদ্রিদ, হোসে মরিনহোর চটে যাওয়াই তো স্বাভাবিক। এই পরাজয় তাঁর কাছে মনে হয়েছে ‘ভয়াবহ’। মেজাজ এতটাই বিগড়ে গিয়েছিল, খেলোয়াড়দের সঙ্গে কথা বলার রুচিও নাকি হচ্ছিল না তাঁর। কোচের এমন রাগের পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন অধিনায়ক। ইকার ক্যাসিয়াস তাই সতীর্থদের বলছেন, আজকের ম্যাচে জয় আর শিরোপা এনে কোচকে খুশি করাতে হবে। এটাই এখন তাঁদের দায়িত্ব। গত মৌসুমেও শুরুর দিকে দুই ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল। এর পর দুর্দান্ত ঘুরে দাঁড়ানো, বাকি লিগে হেরেছে আর মাত্র একটি ম্যাচ। সেখান থেকেই প্রেরণা খুঁজে নিতে বলছেন ক্যাসিয়াস, ‘গত মৌসুমে আমরা টানা দুই ম্যাচে হোঁচট খেয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি।’ লিগের দুই ম্যাচেই রিয়ালের সর্বনাশ করেছে ফ্রি কিক। এ নিয়ে মরিনহো বিশেষভাবে কাজও করেছিলেন। কিন্তু সেটা ফল না দেওয়াতেই কোচ আরও বেশি ক্ষুব্ধ। ক্যাসিয়াসও স্বীকার করছেন, ‘শীর্ষ দলের থেকে পাঁচ পয়েন্ট দূরত্বে থাকা মোটেও ভালো কোনো শুরু নয়। কেউই এটা আশা করেনি। কোথায় ভুল করছি, আমাদের সেটা দেখতে হবে। ডেড বল পরিস্থিতিতে সমস্যাটা এখন আমাদের জন্য কঠিন বাস্তবতা। দলীয় ও ব্যক্তিগত কিছু ভুলভ্রান্তিও হচ্ছে। কোচের সঙ্গে আমি একমত।’প্রথম তিন ম্যাচ ভুলে আজকের এল ক্লাসিকোতে পুরো মনোযোগ দিতে বলেছেন ক্যাসিয়াস। তাঁর দৃঢ় বিশ্বাস, আজকের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল, ‘এই তিনটি ম্যাচ ভুলে যাওয়ার সুযোগ এনে দিচ্ছে এই সুপারকোপা। বার্সেলোনাকে হারানো মাদ্রিদ সমর্থকদের কাছে সব সময়ই অন্য রকম স্বাদ এনে দেয়। আমরা আমাদের ফিরে পেতে চাই।’দল ঘুরে দাঁড়াবে—এই বিশ্বাস আছে গঞ্জালো হিগুয়েইনেরও। আর্জেন্টাইন স্ট্রাইকার বলছেন, ‘আমরা চেষ্টা করব পরিস্থিতি পাল্টে দিতে। অতীতেও আমরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমরা কেন চ্যাম্পিয়ন, সেটা বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে।’ রয়টার্স, ওয়েবসাইট।