রিয়াল চাপে বলেই বার্সার আশা
খেপে আছেন তিনি। ভয়ানক চটেছেন। মনের ভেতর পুঞ্জীভূত রাগের লাভা উদিগরণও হচ্ছে না সহজে। হোসে মরিনহোর সেই রাগের প্রথম কোপটা পড়েছে সাংবাদিকদের ওপর। আলটপকা মন্তব্য করায় ‘বিখ্যাত’ রিয়াল মাদ্রিদের কোচ যে মৌনব্রত নিয়েছেন। বুধবার ভিয়ারিয়ালের সঙ্গে ড্রয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি। রিয়াল মাদ্রিদ বর্জন করেছে গতকাল নির্ধারিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও। সাংবাদিকদের বিস্ময়মাখা প্রশ্ন, ‘আমাদের দোষ কী?’মরিনহোর রাগ আসলে রেফারির ওপর। ভিয়ারিয়াল ম্যাচে প্রথমেই ডাগআউট থেকে বহিষ্কৃত হয়েছেন তাঁর এক সহকারী। এরপর মরিনহো নিজেও। ড্রয়ের ধাক্কা তো আছেই, রিয়ালের আরও বড় সর্বনাশ হয়েছে গত ম্যাচে সার্জিও রামোস আর মেসুত ওজিলও লাল কার্ড দেখায়। আজ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে তাই পাচ্ছে না টানা দুই ম্যাচে ৪ পয়েন্ট হারানো রিয়াল।বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে এসেছে ৬ পয়েন্টে। আজ প্রথমে বার্সার খেলা বলে পেপ গার্দিওলার দলের সুযোগ থাকছে ব্যবধানটি তিনে নামিয়ে আনার। বার্সেলোনা খেলবে মায়োর্কার মাঠে গিয়ে। বার্সা জিতলে পরের ম্যাচে এটি রিয়ালের জন্য হবে বাড়তি একটা চাপ।এমন সময়টাকে কাতালান দৈনিকগুলো বেছে নিয়েছে মানসিক আক্রমণের সুযোগ হিসেবে। রেফারির ওপর রাগ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বার্সেলোনার পত্রিকাগুলো। এল পাইস শিরোনাম দিয়েছে ‘মরিনহো মাদ্রিদকে উন্মত্ত বানিয়েছে’। পত্রিকাটির দাবি, মরিনহোর শিষ্যরাও এখন তাঁরই মতো বদমেজাজি হয়ে উঠেছেন। রেফারির সঙ্গে আচরণের সীমারেখা তাঁরা মানছেন না। ওদিকে স্পোর্ত লিখেছে, ‘মাদ্রিদ এখন ভয়ে কাঠ।’রিয়ালের ভয়ের কথা হলো, খেলোয়াড় আর কোচের শাস্তি বাড়তেও পারে। ওই ম্যাচের রেফারি হোসে লুইস পারাদেস রোমেরো তাঁর ম্যাচ প্রতিবেদনে লিখেছেন, পেপে তাঁকে ‘ছিনতাইকারী’ বলেছেন। ব্যবহার করেছেন ছাপার অযোগ্য ভাষাও।এদিকে ভিয়ারিয়ালের ডিফেন্ডার অ্যাঙ্গেল লোপেজের দাবি, মরিনহো এমনটা করেন ইচ্ছা করেই। এতে পাওয়া যায় অন্যায় সুবিধা, ‘ওরা পরবর্তী ম্যাচগুলোর জন্য রেফারিদের ওপর চাপ তৈরি করছে। নিলমারকে বক্সের মধ্যে লাসানা দিয়ারা যে ফাউল করেছে, সেটার জন্য ওরও লাল কার্ড প্রাপ্য ছিল, আমাদের পেনাল্টিও দেওয়া হয়নি। কিন্তু এ নিয়ে আমরা কীই-বা করতে পারি!’বার্সার পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামার কোনো আভাস নেই। বরং বার্সার প্রতিনিধি হয়ে থিয়াগো বললেন, ‘আমরা কেবল আমাদের ম্যাচ নিয়েই ভাবছি। আর ১০টা ম্যাচ বাকি। আমাদের এখান থেকে যথাসম্ভব পয়েন্ট তুলে নিতে হবে। আশা শেষ পর্যন্ত বেঁচে থাকে। আমাদের সেই আশা ধরে রাখতে হবে।’ এএফপি, রয়টার্স।